![]()
ইবি রিপোর্ট
পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের সরকারি সুকুক নিলামে তুলছে বাংলাদেশ ব্যাংক। ১৮২ দিন মেয়াদি এই ইসলামি বন্ডে বিনিয়োগকারীরা বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে ভাড়া পাবেন। আগামী ১ ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর বিপরীতে এই সুকুক ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে নিলাম কার্যক্রম পরিচালিত হবে। এরই মধ্যে প্রকল্পের প্রস্তাব ও শরিয়াহ যোগ্যতা সংশ্লিষ্ট কমিটির অনুমোদন নিয়ে চূড়ান্ত করা হয়েছে।
প্রসপেক্টাস অনুযায়ী, ইজারা পদ্ধতিতে নিলামের মাধ্যমে ৩ হাজার কোটি টাকার সুকুক ইস্যু করা হবে। এর মেয়াদপূর্তির তারিখ ২০২৭ সালের ২ জুন। বিনিয়োগকারীরা ১৮২ দিনের জন্য মোট ১২১ কোটি ২৫ লাখ টাকা ভাড়া পাবেন। এই অর্থ এককালীন পরিশোধ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে, এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে পারবে। পাশাপাশি দেশি-বিদেশি বহুজাতিক কোম্পানি, বিনিয়োগ ও বীমা কোম্পানি এবং প্রভিডেন্ট ও পেনশন ফান্ডও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ করতে পারবে।
নিলামে অংশ নিতে ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে অনলাইনে দরপত্র জমা দিতে হবে। ১০ হাজার টাকার গুণিতকে বিনিয়োগের আবেদন করা যাবে। নতুন বিনিয়োগকারীদের ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সুকুক ইনভেস্টর (এসআই) আইডি খোলার প্রক্রিয়া শেষ করতে হবে।
নিলামে সফল বিনিয়োগকারীদের বরাদ্দের তথ্য ১ ডিসেম্বর বিকেল ৩টায় এসএসএমে প্রকাশ করা হবে। এ সুকুকের মাধ্যমে একদিকে বিনিয়োগকারীদের জন্য ইসলামি বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে তহবিল সংগ্রহের উদ্যোগ নিচ্ছে সরকার।
পাঠকের মন্তব্য