![]()
ইবি রিপোর্ট
অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে গিয়ে সার্ভার জটিলতায় পড়েছেন অনেক করদাতা। এ পরিস্থিতিতে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমার সময়সীমা আরও ছয় দিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো সুদ বা জরিমানা ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
সোমবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনবিআর। এতে বলা হয়, গতকাল রোববার (১৫ নভেম্বর) ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে অতিরিক্ত চাপ তৈরি হয়। এর ফলে অনলাইনে রিটার্ন জমার কার্যক্রম ব্যাহত হয়।
সার্ভারের এ জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে সমস্যায় পড়েন করদাতারা। বিষয়টি বিবেচনায় নিয়ে জনস্বার্থে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অক্টোবর কর মেয়াদের ভ্যাট রিটার্ন আগামী ২২ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতাদের কোনো সুদ বা জরিমানা দিতে হবে না।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(২) ধারায় এনবিআরকে দেওয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।