![]()
ইবি রিপোর্ট
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনায় দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে সরকার। ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্র স্থাপনে ব্যয় হচ্ছে ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা। প্রকল্পটি ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) প্রকল্পসংশ্লিষ্ট একটি কর্মশালার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের পরিকল্পনা রয়েছে সরকারের। এ সময়ের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে।
তিনি আরও বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সোনাগাজীর ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প ভূমিকা রাখবে।এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ (ইজিবি) নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে। গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে এ প্রকল্পের অর্থায়ন চুক্তি সই হয়।
প্রকল্পটি চালু হলে ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে। পাশাপাশি সরকারের ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়নেও এটি সহায়তা করবে।
প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সোলার পিভি মডিউল, ২৬টি ইনভার্টার এবং দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। একই জমিতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষিকাজ ও পশুপালনের সুযোগ তৈরিতে এগ্রোভোল্টাইক ধারণা প্রয়োগের পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া স্থানীয় প্রায় এক হাজার বেকার যুবক ও নারীর দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রকল্পের অংশ হিসেবে কম্পিউটার ল্যাব স্থাপন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রুফটপ সোলার প্যানেল বসানোর পরিকল্পনাও রয়েছে।
সোনাগাজীতে আরও ১৩০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ৩৮৬ একর জমি অধিগ্রহণ প্রকল্প গত ২৯ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। পাশাপাশি মুছাপুরে ১৫০ মেগাওয়াট ক্ষমতার ভাসমান সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ওই এলাকায় প্রায় ৬০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
ইজিবির মতে, প্রকল্পটি শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পরিচ্ছন্ন জ্বালানির প্রসার, পরিবেশ সুরক্ষা, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই আর্থসামাজিক উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ঢাকা রিজিওনাল হাবের রেসিডেন্ট হেড আলী এম. খান এবং অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু, ইজিবির চেয়ারম্যান কে এম আলী রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ইজিবির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মনজুর কাদিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাঠকের মন্তব্য