![]()
ইবি রিপোর্ট
দেশের বিদ্যুৎ খাতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে। আগামীকাল ১৭ নভেম্বর প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রটি। প্রাথমিক পর্যায়ে এখান থেকে জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হতে পারে। এ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন ও জাতীয় গ্রিডের স্থিতিশীলতা পরীক্ষার পাশাপাশি কেন্দ্রটির কমিশনিং কার্যক্রমও এগিয়ে যাবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন , রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক তাঁকে জানিয়েছেন, আগামীকালের মধ্যে কেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে।
তবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবি) একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, এর আগে কয়েকবার কেন্দ্রটিকে গ্রিডের সঙ্গে সংযুক্ত বা সিনক্রোনাইজ করার চেষ্টা সফল হয়নি। এবার এ পরীক্ষা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কখন সংযোগ দেওয়া হবে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। তাঁর ভাষ্য, শিগগিরই প্রক্রিয়াটি সম্পন্ন হতে পারে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক সংযোগের পর কেন্দ্রটি থেকে প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সঞ্চালনের জন্য কেন্দ্রটি প্রস্তুত রয়েছে। তাই এ সমন্বয় কার্যক্রম বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কর্মসূচির অংশ।
তিনি জানান, জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের পর পুরো বিদ্যুৎ ব্যবস্থা কীভাবে সাড়া দেয়, তা পর্যবেক্ষণ করা হবে। বিশেষ করে গ্রিডের ফ্রিকোয়েন্সি স্থিতিশীল রাখার সক্ষমতা যাচাই করা হবে।
আনোয়ার হোসেন আরও বলেন, টারবাইনের সমন্বয় কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। এখন বিদ্যুৎ সরবরাহের পর জাতীয় গ্রিডের প্রতিক্রিয়া, ফ্রিকোয়েন্সির অবস্থা এবং পুরো ব্যবস্থার স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে।
পরীক্ষার অংশ হিসেবে কেন্দ্রটি নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রিডের সঙ্গে যুক্ত রাখার পর আবার বন্ধ করা হবে। এরপর আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। কর্তৃপক্ষের ভাষ্য, বিদ্যুৎকেন্দ্র চালুর বা কমিশনিং প্রক্রিয়ায় এ ধরনের কার্যক্রম স্বাভাবিক।
আনোয়ার হোসেন বলেন, সংযোগ দেওয়ার পর কিছু সময় পর্যবেক্ষণ করা হবে। এরপর কেন্দ্রটি বন্ধ করে আবার পরীক্ষা চালানো হবে। সবকিছু ঠিক থাকলে কেন্দ্রটি কয়েক ঘণ্টা চালু রাখা সম্ভব হবে। তবে কোনো কারিগরি সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। পরে আবার গ্রিডের সঙ্গে যুক্ত করার চেষ্টা হতে পারে।
প্রকল্প-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করার আগে কেন্দ্রটিকে আরও কয়েকটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বর্তমান কার্যক্রমের পাশাপাশি আরও প্রায় নয়টি পরীক্ষা করা হবে। যৌথ সমন্বয় কার্যক্রম সফল হলে এরপর আরও ছয়টি পরীক্ষা সম্পন্ন করা হবে। সব পরীক্ষা শেষ হওয়ার পরই বাণিজ্যিক উৎপাদনের দিকে এগোনো হবে।
আনোয়ার হোসেনের মতে, জাতীয় গ্রিডের সঙ্গে এ সংযোগ কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সঞ্চালনের প্রথম প্রচেষ্টা। কারিগরি দিক থেকে উৎপাদন-সংক্রান্ত প্রস্তুতি শেষ হয়েছে। এখন উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পাঠানোর প্রক্রিয়া যাচাই করা হবে, যাকে গ্রিড সিনক্রোনাইজেশন বলা হচ্ছে।
দুটি রিঅ্যাক্টর নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। রাশিয়ার তৈরি জেনারেশন থ্রি+ ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি রিঅ্যাক্টরের প্রতিটির উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
২০১৭ সালের ৩০ নভেম্বর প্রথম ইউনিটের এবং ২০১৮ সালের ১৪ জুলাই দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মালিকানাধীন এ প্রকল্পটি ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের প্রাথমিক চুক্তির আওতায় নির্মাণ করছে রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটম। প্রকল্পটির ৯০ শতাংশ অর্থায়ন করা হচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় ঋণের মাধ্যমে।
পাঠকের মন্তব্য