![]()
ইবি রিপোর্ট
বিদ্যুতের অপচয় কমিয়ে সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবনের সব লাইট ও বাতিতে সেন্সর স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ কাজ শেষ করতে গণপূর্ত অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সময়সীমার মধ্যে সংসদ ভবনে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালুর নির্দেশনাও দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলের জন্যও পৃথক সাব-মিটার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়। বিদ্যুতের ব্যবহার যথাযথভাবে পরিমাপ এবং অপচয় নিয়ন্ত্রণের লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে একটি ত্রিমাত্রিক বা থ্রিডি উপস্থাপনা দেখানো হয়। এতে সংসদ সচিবালয়ের মোট বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌর প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গাগুলো নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া ভবনের বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় নিয়ে কত ক্ষমতার সোলার পাওয়ার সিস্টেম স্থাপন করা প্রয়োজন, তা নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। এ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ করা সংসদ ভবন এলাকার ফারহান ফাইয়াজ খেলার মাঠের ব্যবস্থাপনা ও পরিচালনা নিয়ে বিস্তারিত যাচাইয়ের সিদ্ধান্ত হয়। মাঠটির বরাদ্দ, চুক্তি এবং এ সংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয় পর্যালোচনার জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন ও মারদিয়া মমতাজকে নিয়ে গঠিত এই সাব-কমিটিতে জাতীয় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের একজন প্রতিনিধি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। পরবর্তী সভায় এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে গণপূর্ত অধিদপ্তরের পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের ব্যবহার ও পরিচালনা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বার ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট ইজারাদাতা ও ইজারাগ্রহীতার সম্পাদিত চুক্তিনামা পুনর্বিবেচনার বিষয়ে আপত্তি জানিয়েছে কমিটি।
একই সঙ্গে চুক্তিনামাসহ পুরো বিষয়টি দ্রুত জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর জন্য তৈরি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা কমিটির কাছে সন্তোষজনক মনে হয়নি। এ কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে জরিপ সম্পন্ন করে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুত করা প্রতিবেদন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কমিটির সভায় উপস্থাপন করতে হবে।
সভায় কমিটির সদস্য ও সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
পাঠকের মন্তব্য