![]()
ইবি রিপোর্ট
রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে পালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির অফিসে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির দুই নেটওয়ার্ক কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।
আহত দুজন হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাদের শরীরের পৃথক স্থানে এক রাউন্ড করে গুলি লেগেছে। গুলিবিদ্ধ হওয়ার পর সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রাত ৭টা ৫০ মিনিটের দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এরপর তারা হাবিবুর রহমান ও সাজু আহমেদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলার পরপরই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সহকর্মীরা আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন।
গুলিতে হাবিবুর রহমানের বাম হাতে এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত লাগে। হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া। তার গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। অন্যদিকে সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হাতিরঝিল থানার ওয়াপদা রোড এলাকার একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের বিভিন্ন দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পাঠকের মন্তব্য