![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন ব্রিটিশ রাজদম্পতি। প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উইলিয়াম এবং ক্যাথরিন তিন দিনের সফরে সোমবার মুম্বাইয়ে পৌঁছান। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পাশাপাশি পরিবেশ, জলবায়ু পরিবর্তন, তরুণ প্রজন্ম ও চলচ্চিত্রশিল্প নিয়ে বিভিন্ন আয়োজনে অংশ নেবেন তারা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চার বছর পর প্রথমবার একসঙ্গে সরকারি বিদেশ সফরে গেলেন উইলিয়াম ও ক্যাথরিন। ক্যানসারের চিকিৎসার কারণে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সফর সীমিত রেখেছিলেন ক্যাথরিন। তবে এবারের ভারত সফরে স্বামীর সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি।
রাজদম্পতির এবারের সফরের অন্যতম আকর্ষণ প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত ‘আর্থশট প্রাইজ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের স্বীকৃতি হিসেবে প্রতিবছর পাঁচটি প্রকল্পকে পুরস্কৃত করা হয়। প্রতিটি বিজয়ী প্রকল্পকে দেওয়া হয় ১০ লাখ পাউন্ড করে।
ভারতে পৌঁছানোর পর রাজদম্পতির প্রথম কর্মসূচি ছিল ক্রিকেটকে ঘিরে। মুম্বাইয়ের বলার্ড এস্টেটে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে গলি ক্রিকেট খেলেন তারা। এ সময় ভারতের সাবেক নারী ক্রিকেটার পুনম রাউতও উপস্থিত ছিলেন।
মুম্বাইয়ে জন্ম নেওয়া শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড ধরে রেখেছেন। প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত আর্থশট প্রাইজের প্রতিও তার সমর্থন রয়েছে। অনুষ্ঠানে টেন্ডুলকার রাজপরিবারের এই উদ্যোগে যুক্ত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে আরও বাসযোগ্য করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সফরসূচি অনুযায়ী, বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন উইলিয়াম ও ক্যাথরিন। তবে রাজকীয় সফরের প্রাথমিক কর্মসূচিতে এই বৈঠক অন্তর্ভুক্ত ছিল না। পরে মোদি ফিলিপাইন সফর থেকে নির্ধারিত সময়ের আগে ফিরবেন বলে নিশ্চিত হলে বৈঠকটি সফরসূচিতে যুক্ত হয়।
কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র জানিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রিন্স উইলিয়ামের ভূমিকা ক্রমেই বিস্তৃত হচ্ছে। মোদির সঙ্গে বৈঠকের মাধ্যমে যুক্তরাজ্য ও ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হবে।
এর আগে ২০১৬ সালে ভারত ও ভুটান সফরের সময় মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন উইলিয়াম ও ক্যাথরিন। সে সময় তাদের সরকারি সফরটি সাত দিনব্যাপী ছিল।
এবারের সফরে মুম্বাইয়ে পরিবেশ সংরক্ষণ, তরুণ পরিবার এবং বলিউড চলচ্চিত্রশিল্পসংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন রাজদম্পতি। পাশাপাশি আর্থশট প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঁচটি বিজয়ী প্রকল্পের নাম ঘোষণা করা হবে।
এবারের পুরস্কারের জন্য মনোনীত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ভারতের বৈদ্যুতিক রিকশার ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ। দ্রুততম সময়ে দাবানল শনাক্ত করতে সক্ষম একটি প্রযুক্তিও রয়েছে তালিকায়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ভারতের চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক করণ জোহর। সেখানে সংগীত পরিবেশন করবে ব্রিটিশ ব্যান্ড ‘টেক দ্যাট’। অনুষ্ঠানের অতিথিদের মধ্যে অভিনেতা রামি মালেক এবং অস্ট্রেলীয় পরিবেশ সংরক্ষণকর্মী রবার্ট আরউইনের উপস্থিত থাকার কথা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ভারতের অবদানের প্রশংসা করেছেন প্রিন্স উইলিয়াম। তিনি বলেন, গত ছয় বছরে আর্থশট প্রাইজে অসাধারণ অবদান রেখেছে ভারত। পুরস্কারটির চূড়ান্ত মনোনীত ও বিজয়ীদের মধ্যে অন্য যেকোনো দেশের তুলনায় ভারতের প্রতিনিধিত্ব বেশি।