![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
চীনের সঙ্গে সীমান্তে বাড়তে থাকা উদ্বেগ এবং উত্তর-পূর্বাঞ্চলের অভ্যন্তরীণ সংঘাত মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে ভারত। এর অংশ হিসেবে মণিপুরে অতিরিক্ত আধা সামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সীমান্তে আরও সেনা মোতায়েনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
চীনের সঙ্গে ভারতের সীমান্তের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার। এর মধ্যে অরুণাচল প্রদেশের সঙ্গে চীনের সীমান্ত ১ হাজার ১২৬ কিলোমিটার। সীমান্তের দৈর্ঘ্য বিবেচনায় এটি ভারতের তৃতীয় বৃহত্তম সীমান্ত এলাকা। সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে লাদাখে, যার দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার।
সম্প্রতি এক সম্মেলনে জয়শঙ্কর বলেন, চীনের সঙ্গে ভারতের সীমান্ত আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় সীমান্তে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করা প্রয়োজন।
২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে সীমান্ত এলাকায় সামরিক সক্ষমতা বাড়িয়েছে নয়াদিল্লি। তবে চীনা সেনাদের তৎপরতা নিয়ে ভারতের উদ্বেগ এখনো রয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগ, চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডের দিকে অগ্রসর হচ্ছে।
সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থতার জন্য চীনকে দায়ী করেছে। মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, চীনা সেনারা নির্ধারিত টহলপথ ও নিয়ম অমান্য করে অন্য পথে অগ্রসর হলে সীমান্তে মাঝেমধ্যে উত্তেজনা তৈরি হয়।
এর আগে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর অরুণাচল প্রদেশে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সঙ্গে সংঘাতের সময় বাহিনীর নতুন ‘শৌর্য’ কমান্ডো ইউনিটের ভূমিকার কথা জানান। তাঁর ভাষ্য, এসব ঘটনায় ইউনিটটি নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে। এর পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত পরিস্থিতি নিয়ে ওই বক্তব্য সামনে আসে।
সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিও বাহিনী পুনর্বিন্যাসের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। চলতি বছরের মার্চে ভারতে সশস্ত্র মাওবাদী তৎপরতার অবসান ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এরপর মাওবাদী অধ্যুষিত এলাকা থেকে আধা সামরিক বাহিনীর সদস্যদের উত্তর-পূর্বাঞ্চলে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের সুকমা জেলা থেকে এক হাজারের বেশি সদস্যের সিআরপিএফের একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন সরিয়ে মণিপুরে পাঠানো হয়েছে। মাওবাদী দমনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই বাহিনী সম্প্রতি ওই এলাকায় ভূমিমাইন ও ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার কাজে নিয়োজিত ছিল। এর কয়েক মাস আগে ঘন জঙ্গলে অভিযান পরিচালনায় প্রশিক্ষিত সিআরপিএফের কোবরা বাহিনীর দুটি ব্যাটালিয়নও মণিপুরে পাঠানো হয়।
মণিপুরে কেন বাড়ছে নিরাপত্তা বাহিনী
মণিপুরে তিন বছরের বেশি সময় ধরে সংখ্যাগরিষ্ঠ মেইতেই ও কুকি-জো জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘাত চলছে। সাম্প্রতিক মাসগুলোতে কুকি ও নাগা জনগোষ্ঠীর মধ্যেও নতুন করে সহিংসতা ছড়িয়েছে। এসব ঘটনায় প্রায় প্রতি সপ্তাহেই প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।
রাজ্যটিতে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকার পরও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সম্প্রতি ইম্ফল-উখরুল সড়কের ২০২ নম্বর জাতীয় মহাসড়কে সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিদের অতর্কিত হামলায় চার বেসামরিক নাগরিক নিহত হন। এ ঘটনা রাজ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
এ অবস্থায় মণিপুরে আরও আধা সামরিক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যভাগ থেকে পর্যায়ক্রমে বাহিনী স্থানান্তর করা হচ্ছে। প্রথমে মণিপুরে এবং পরে আসাম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে অতিরিক্ত সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে মণিপুরে মাইন প্রতিরোধী বিশেষ সাঁজোয়া যান পাঠানো হয়েছে।
অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর অর্থের উৎস বন্ধ করতে মাদক পাচারবিরোধী অভিযান জোরদারের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্যে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোকে (এনসিবি) নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
চীনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি এবং উত্তর-পূর্বাঞ্চলের অভ্যন্তরীণ সংঘাত—দুই দিক বিবেচনায় নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অবস্থান ও কার্যক্রম নতুন করে সাজাচ্ছে।