![]()
ইবি রিপোর্ট
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মাসুম বিল্লার স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার সুপারিশ করা হয়েছিল। সেই সুপারিশের ভিত্তিতেই এ প্রজ্ঞাপন জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান বিচারপতির অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছিল।
মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ২০২৫ সালের ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর পদটি শূন্য হয়। এরপর হাবিবুর রহমান সিদ্দিকীকে ওই দায়িত্ব দেওয়া হয়।
এ ছাড়া ২০২৫ সালের ১ ডিসেম্বর তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব পদেও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এ দায়িত্ব অর্পণ করেন।
এর ফলে মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী একই সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।