![]()
ইবি রিপোর্ট
কোর ব্যাংকিং সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আগামী শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) অধিকাংশ ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারবেন না গ্রাহকেরা। এ সময় এটিএম, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকটির বিভিন্ন ডিজিটাল ও লেনদেনসেবা বন্ধ থাকবে। সব মিলিয়ে প্রায় ১৫ ঘণ্টা এসব সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা থেকে শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত ইবিএলের এসব সেবা বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংক আজ সোমবার ব্যাংকটিকে এ কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজড ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) একটি সার্কুলার জারি করেছে। এতে রক্ষণাবেক্ষণ চলাকালে কোন কোন সেবা বন্ধ থাকবে এবং কোন সেবাগুলো চালু রাখা যাবে, তা জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ইবিএলের এটিএম বুথ, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি), ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), ড্রপবক্স এবং ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম) ব্যবহার করা যাবে না। পাশাপাশি চেক ডিপোজিট মেশিন ও পয়েন্ট অব সেলস (পিওএস) সেবাও বন্ধ থাকবে।
এ সময় ই-কমার্সসহ বিভিন্ন ব্যাংকিং ও নন-ব্যাংকিং চ্যানেলে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করা যাবে না। একই সঙ্গে অ্যাকাউন্ট-সংক্রান্ত সব ধরনের লেনদেনও বন্ধ থাকবে।
বন্ধ থাকা সেবার তালিকায় রয়েছে ব্যাংকটির ইন্টারনেট ব্যাংকিং, স্কাইব্যাংকিং মোবাইল অ্যাপ এবং ইবিএল কানেক্ট। এ ছাড়া মিসড কল অ্যালার্ট, ই-কেওয়াইসি, স্মার্ট আইভিআর ও ইবিএল সেলফ সার্ভিস ব্যবহার করা যাবে না। সাপ্লাই চেইন ফাইন্যান্স এবং রেমিট্যান্স সেবাও এ সময় বন্ধ থাকবে।
তবে সব ধরনের কার্ড লেনদেন বন্ধ থাকছে না। ইবিএল থেকে ইস্যু করা ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলা যাবে। একইভাবে অন্য ব্যাংকের পয়েন্ট অব সেলস (পিওএস) টার্মিনালে এসব কার্ড দিয়ে লেনদেন করা যাবে। এ ছাড়া ইবিএলের নিজস্ব পিওএস মেশিনেও ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করা যাবে।
সার্কুলারে আরও জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সময় বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ) আওতাভুক্ত সেবাগুলো বন্ধ থাকবে। পাশাপাশি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং সুইফট সেবাও পাওয়া যাবে না।
পাঠকের মন্তব্য