![]()
ইবি রিপোর্ট
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ কোটি টাকায়। ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে তফসিলি ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। সোমবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত পাঁচ বছরের পরিসংখ্যান পর্যালোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়তে দেখা গেছে।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। ওই সময়ে বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ ছিল খেলাপি।
২০২৪ সালে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ।
পরের বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা। মোট ঋণের হিসাবে এর পরিমাণ ছিল ২৯ দশমিক ৯২ শতাংশ।
সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা। সে সময় ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণের ৩২ দশমিক ১৭ শতাংশই খেলাপি ছিল।
অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বৈদেশিক অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদের বিবরণী অনুসন্ধান করছে। এ কার্যক্রমে আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ বিভিন্ন সংস্থা ও দপ্তর যুক্ত রয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি ঠেকাতে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
এ ছাড়া অর্থ পাচার বন্ধ এবং বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর উদ্যোগসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
পাঠকের মন্তব্য