![]()
ইবি রিপোর্ট
জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নেওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল আর্থিক সেবা ও ই-ওয়ালেটের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এ ঋণ পাওয়া যাবে। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। এ সুবিধায় অগ্রাধিকার পাবেন প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের গ্রাহকেরা।
বাংলাদেশ ব্যাংকের ‘ই-ঋণ’ পুনঃ অর্থায়ন কর্মসূচি হালনাগাদ করে এ সুযোগ দেওয়া হয়েছে। গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, কর্মসূচিটির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ১২ নভেম্বর এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।
এই কর্মসূচির আওতায় দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে ঋণ বিতরণ করা হবে। ঋণ পেতে গ্রাহককে কোনো জামানত দিতে হবে না। সর্বোচ্চ ঋণের পরিমাণ ৫০ হাজার টাকা এবং পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার বার্ষিক ৯ শতাংশের বেশি হতে পারবে না।
বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে এ কর্মসূচির আওতায় বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা দেবে। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংক থেকে কম সুদে তহবিল নিয়ে ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ করতে পারবে। এর মাধ্যমে স্বল্প আয়ের মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তির সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ঋণ বিতরণের ক্ষেত্রে কয়েকটি জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষ, ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠী, প্রান্তিক নারী এবং অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা। এ ছাড়া ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকেরাও অগ্রাধিকার পাবেন।
ঋণ আবেদনের পুরো প্রক্রিয়া ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা রাখা হয়েছে। ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের মোবাইল অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ই-ওয়ালেটের মতো মাধ্যম ব্যবহার করে গ্রাহকেরা ঋণের আবেদন ও লেনদেন করতে পারবেন। ফলে ঋণ নেওয়ার জন্য সরাসরি ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন কমবে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ডে অর্থায়নের সুযোগ তৈরি হবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসা, স্বনিয়োজিত কাজ ও নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে ঋণের অর্থ ব্যবহারের সুযোগ রয়েছে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে ব্যাংকিং লেনদেনে মানুষের অংশগ্রহণ বাড়বে।
পাঠকের মন্তব্য