![]()
ইবি রিপোর্ট
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগের বাস্তব ফলাফল প্রকাশ করতে চায় সরকার। এ ক্ষেত্রে প্রতিশ্রুতির পাশাপাশি সুনির্দিষ্ট সংখ্যা ও পরিমাপযোগ্য অর্জন তুলে ধরার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেছেন, বাস্তব পরিবর্তন নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে। সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের জলবায়ুবিষয়ক পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রাধিকার তুলে ধরেন।
বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং সুইজারল্যান্ডের সহায়তাপুষ্ট কল কনসোর্টিয়াম যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতীতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিভিন্ন আলোচনা ও প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তবে সেসব উদ্যোগের বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি। বর্তমান সরকার এ অবস্থার পরিবর্তন ঘটাতে চায়। জনগণের জীবনে ইতিবাচক ও দৃশ্যমান প্রভাব পড়ে, এমন কার্যক্রম বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু পরিকল্পনা তৈরি কিংবা প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বাস্তবায়নের মাধ্যমে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য ফলাফল অর্জন করাই সরকারের উদ্দেশ্য। জলবায়ু খাতে কী পরিবর্তন এসেছে, কতটুকু অগ্রগতি হয়েছে এবং উদ্যোগগুলো মানুষের জীবনে কী প্রভাব ফেলেছে, তার হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আরও বলেন, সরকার এমনভাবে কাজ করছে, যাতে পাঁচ বছর পর জনগণ বাস্তব অগ্রগতি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কার্যক্রম মূল্যায়ন করতে পারেন। সেই মূল্যায়নের ওপর ভিত্তি করে পরবর্তী নির্বাচনে সরকারকে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিতে পারবেন তাঁরা।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, কার্যকর অভিযোজন কার্যক্রমের জন্য স্থানীয় প্রয়োজনের সঙ্গে জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগের সমন্বয় জরুরি। বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বাড়াতে স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে।
জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি-খাদ্যব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তাও তুলে ধরেন ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু ঝুঁকি কমানো এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় কার্যকর অর্থায়ন ও বিনিয়োগের সুযোগ বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সেলের প্রধান এ কে এম সোহেল। এতে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের পানি, খাদ্য ও জলবায়ু কর্মসূচির প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান। পাশাপাশি গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের নীতিবিষয়ক প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসানও প্রবন্ধ উপস্থাপন করেন।
প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সুশাসন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা। আলোচনায় ছিলেন পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশনবিষয়ক পরিচালক মির্জা শওকত আলী।
এ ছাড়া অংশ নেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের পরিবেশ, জলবায়ু ও জনগোষ্ঠীবিষয়ক বিভাগের প্রধান কারিগরি বিশেষজ্ঞ জাহান-জেব চৌধুরী। অস্ট্রেলিয়ার মোনাশ বিজনেস স্কুলের অর্থনীতির অধ্যাপক ড. আসাদুল ইসলামও প্যানেল আলোচনায় বক্তব্য দেন।