![]()
ইবি রিপোর্ট
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে দুটি শর্ত দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা নাকচ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানিয়েছেন, এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো পর্যায়েই আলোচনা হয়নি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেদনটির কোনো ভিত্তি নেই। সরকারের দায়িত্বশীল কোনো পর্যায় থেকেও এমন তথ্য আসেনি। তাঁর ভাষায়, “প্রতিবেদনটার কোনো ভিত্তি নাই বাংলাদেশের আইনে। কোনো ভিত্তি নাই। এটা সরকারের কোনো রেসপন্সিবল জায়গা থেকে আসে নাই। এই রকম প্রতিবেদন তো আপনিও ছাপাতে পারেন।”
গত বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৪ সালের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে ভারতের কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্তে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতে পৌঁছেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে। তাঁকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থাও বাংলাদেশের সেনাবাহিনীকেই করতে হবে। এ প্রক্রিয়া আকাশপথে অথবা স্থলপথে সম্পন্ন করা যেতে পারে। বাংলাদেশ সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে তাঁকে নিয়ে যেতে পারে, কিংবা স্থল সীমান্তের কোনো নির্দিষ্ট স্থানে তাঁকে গ্রহণ করতে পারে।
দ্বিতীয় শর্ত হিসেবে বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু হয়, সে বিষয়ে বাংলাদেশ সরকারকে নিশ্চয়তা দিতে হবে। এ তথ্যের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করা হয়েছিল।
সাংবাদিকেরা বিষয়টি নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনই ভারতের সরকারের আনুষ্ঠানিক অবস্থানের প্রতিফলন নয়। ভারত সরকার বা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানালে বাংলাদেশ সেটি গ্রহণ করে জবাব দেবে। এর বাইরে কে কোথায় কী লিখেছে, তা দেখার সময় বা সেটি নিয়ে কাজ করার প্রয়োজন সরকারের নেই বলেও জানান তিনি।
ভারত বাংলাদেশের কাছে ওই দুটি শর্তের কথা জানিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “নো, নট অ্যাট অল। আমাদের সঙ্গে এ ব্যাপারে তাদের কথাই হয় নাই।”
তিনি এ বক্তব্যের মাধ্যমে হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের পক্ষ থেকে শর্ত দেওয়ার খবর সরাসরি অস্বীকার করেন।