![]()
ইবি রিপোর্ট
অনলাইন ভ্যাট রিটার্ন জমার ক্ষেত্রে সার্ভার সমস্যায় পড়েন করদাতারা। এ পরিস্থিতিতে অক্টোবর মাসের রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। এ সময়ের মধ্যে রিটার্ন দাখিলে সুদ কিংবা জরিমানা দিতে হবে না।
সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্দেশনায় স্বাক্ষর করেছেন মূসক: মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখার দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান।
এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করেন। একই সময়ে অতিরিক্ত ব্যবহারকারীর প্রবেশের কারণে সার্ভারে জটিলতা তৈরি হয়। ফলে করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর ২০২৬ কর মেয়াদের রিটার্ন জমা দিতে বাধার মুখে পড়েন।
এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় রিটার্ন দাখিলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, অক্টোবর কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন আগামী ২২ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। বর্ধিত সময়ের মধ্যে ই-ভ্যাট (eVAT) সিস্টেমে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না।
এনবিআরের এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে সার্ভার সমস্যার কারণে রিটার্ন জমা দিতে না পারা করদাতারা অতিরিক্ত সময় পাবেন।