![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
নিখোঁজ এক ইসরাইলি পাইলটের সন্ধান করতে গিয়ে ইরানের দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে অপহরণের অভিযোগ উঠেছে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে। তুরস্ক থেকে এক জেনারেলকে তুলে নিয়ে কয়েক সপ্তাহ নির্যাতনের পর হত্যা করা হয়। পরে তার মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়ার অভিযোগও রয়েছে। অন্য এক ইরানি জেনারেলকে অপহরণের পর নির্যাতন করে দক্ষিণ আফ্রিকায় জীবিত ফেলে দেওয়া হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
রোববার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ ইসরাইলি পাইলট রন আরাদের সন্ধানে কয়েক দশক ধরে অভিযান চালিয়েছে ইসরাইল। ১৯৮৬ সালে লেবাননে বোমা হামলার সময় তার যুদ্ধবিমানে ত্রুটি দেখা দেয়। পরিস্থিতির কারণে তাকে বিমান থেকে বেরিয়ে আসতে হয়েছিল। এরপর থেকেই তার পরিণতি জানতে বিভিন্ন অভিযান পরিচালনা করে ইসরাইল। এই অনুসন্ধান ঘিরে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের সেনাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি ইহুদি ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আরাদকে খুঁজে বের করার অভিযানও সেই বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হয়েছে।
তুরস্কের হোটেল থেকে ইরানি জেনারেল অপহরণ
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালের ডিসেম্বরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল আলিরেজা আসগারি অপহরণের শিকার হন। তিনি ইরানের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছে তাকসিম এলাকার কাছে সিলান হোটেলে উঠেছিলেন আসগারি। সেখানে অবস্থানকালে মোসাদের এজেন্টরা তাকে অপহরণ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বহু বছর পর ইরান তার নিখোঁজ হওয়ার বিষয়ে তথ্য জানতে চাইলে ইসরাইলি কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের কিছু তথ্য জানান। তাদের ভাষ্য অনুযায়ী, আসগারিকে কয়েক সপ্তাহ ধরে নির্যাতন করা হয়েছিল। মোসাদের গোয়েন্দারা ধারণা করেছিলেন, রন আরাদের নিখোঁজ হওয়ার বিষয়ে তার কাছে তথ্য রয়েছে।
তবে আসগারি আরাদের বিষয়ে কিছুই জানতেন না বলে পরে জানা যায়। এরপরও তাকে হত্যা করে মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয়েছিল বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।
সে সময় মোসাদের প্রধান ছিলেন মেইর দাগান। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার সিদ্ধান্ত নিতে সম্ভবত ইসরাইলের প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হয়েছিল। ২০০৭ সালে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন এহুদ ওলমার্ট।
আসগারির নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানি কর্মকর্তারাও তদন্ত করেন। তাদের তদন্তে উঠে আসে, ইসরাইলি এজেন্টরা ইস্তাম্বুলের হোটেলকক্ষে ঢুকে তাকে মাদক প্রয়োগ করেছিলেন। এরপর তাকে সেখান থেকে অপহরণ করা হয়। অপহরণে ব্যবহৃত গাড়িটি কৃষ্ণসাগরের কাছাকাছি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
দামেস্ক থেকে আরেক ইরানি জেনারেল অপহরণ
রন আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরও ২০২১ সালে আইআরজিসির কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করে ইসরাইল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, দামেস্কে সকালে দৌড়ানোর সময় সাবেরিকে অপহরণ করা হয়। মোসাদের এজেন্টরা তাকে একটি ফ্রিজের বাক্সে ঢুকিয়ে চলন্ত ভ্যানে তুলে নিয়েছিলেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর তাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জীবিত ফেলে দেওয়া হয়। অপহরণের সঙ্গে জড়িতদের পরিচয় আড়াল করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাবেরিও রন আরাদের নিখোঁজ হওয়ার বিষয়ে কিছু জানতেন না।
রন আরাদের নিখোঁজ হওয়ার রহস্য এখনো অমীমাংসিত
পরবর্তী সময়ে হিজবুল্লাহ ও ইরানের যৌথ তদন্তে রন আরাদের পরিণতি নিয়ে একটি ধারণা সামনে আসে। তদন্তকারীদের ধারণা, ১৯৮৮ সালে পূর্ব লেবাননের নবী চিত গ্রামে তার মৃত্যু হয়েছিল। বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই বছর পর এ ঘটনা ঘটে। তাদের ধারণা, বন্দিরা তাকে ওই গ্রামে আটকে রেখেছিলেন। পরে সেখানেই তাকে সমাহিত করা হয়েছিল। তবে ইসরাইলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে মনে করেছেন, আরাদের পরিণতি সম্পর্কে ইরান জানে।
২০২৫ সালের ডিসেম্বরে অবসরপ্রাপ্ত লেবানিজ নিরাপত্তা কর্মকর্তা আহমাদ শুকরকে অপহরণ করে ইসরাইল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একটি ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়ার কথা ভেবে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। লেবাননের কর্মকর্তাদের ধারণা, ইসরাইলি এজেন্টরা তাকে অপহরণ করেছেন। এরপর থেকে তাকে আর জীবিত দেখা যায়নি। বর্তমানে তার অবস্থানও অজানা।
ইসরাইলি কর্মকর্তাদের বর্তমান ধারণা, ১৯৮৮ সালে নবী চিতের কাছে ইসরাইলি বাহিনীর হাতে নিজের ভাই নিহত হওয়ার প্রতিশোধ নিতে আহমাদ শুকর রন আরাদকে হত্যা করেছিলেন। তবে এই ধারণার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
চলতি বছরের ৬ ও ৭ মার্চ নবী চিত গ্রামে ৪০টিরও বেশি বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। তাদের ধারণা ছিল, স্থানীয় একটি কবরস্থানে রন আরাদের মরদেহ সমাহিত করা হয়েছে। তবে ব্যাপক হামলার পরও তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এসব হামলায় অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছেন।