![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশে ইন্টারনেট অবকাঠামোর উন্নয়ন ও নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বড় বাধা হয়ে রয়েছে আইপিভি-সিক্স প্রযুক্তির সীমিত ব্যবহার। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে এই প্রযুক্তি বাস্তবায়নের হার ৬৬ শতাংশ, সেখানে বাংলাদেশে তা মাত্র ১৮ শতাংশ। প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারি উদ্যোগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কার্যক্রম প্রয়োজন।
বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজিত এক কারিগরি কর্মশালায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন। কর্মশালায় এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মহাপরিচালক জিয়া রং লো বলেন, দক্ষিণ এশিয়ায় আইপিভি-সিক্স বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ আশানুরূপ অগ্রগতি অর্জন করতে পারেনি। নেটওয়ার্ক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও এটি ভালো উদাহরণ নয়। তাঁর ভাষায়, ‘নেটওয়ার্ক নিরাপত্তা কোনো চয়েজ নয়, এটি থাকতেই হবে।’
কর্মশালায় অংশ নেওয়া স্থানীয় বক্তারাও আইপিভি-সিক্স বাস্তবায়নে সরকারের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন। তাঁদের মতে, সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিলে এ প্রযুক্তি চালুর কার্যক্রম সহজ হবে। এ ক্ষেত্রে তাঁরা সরকারের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আযম পারভেজ বলেন, আইপিভি-সিক্সের কোনো বিকল্প তিনি দেখছেন না। দেশের সর্বত্র ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) মাধ্যমে এ প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। এ বিষয়ে ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কোনো প্রস্তাবনা পাওয়া গেলে বিটিআরসি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে কক্সবাজারে বিডিনগের এ কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের কয়েকটি ইন্টারনেট সেবাদাতা সংস্থার (আইএসপি) শতাধিক প্রকৌশলী অংশ নেন।
বিডিনগের মহাসচিব বরকতুল আলম বিপ্লব জানান, এবারের কর্মশালায় অ্যাডভান্স রাউটিং এবং এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সিকিউরিটি—এই দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। আগের আয়োজনগুলোর তুলনায় এবার বিদেশি বক্তাদের উপস্থিতিও বেশি ছিল।
আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, আইএসপিএবি, বিডিনগ ও এপনিক—এই তিনটি সংগঠন একসঙ্গে কাজ করলে দেশের আইএসপি খাতকে পরবর্তী পর্যায়ে উন্নীত করা সম্ভব।
সম্মেলনে স্থানীয় কি-নোট স্পিকার গাজী জিহাদুল কবির দক্ষিণ এশিয়ার ব্যান্ডউইথ ব্যবহার ও রাজস্ব পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, এ অঞ্চলে ব্যান্ডউইথের ব্যবহার বাড়লেও সেই অনুপাতে রাজস্ব বৃদ্ধি পাচ্ছে না। তবে বিদ্যমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে।
এদিকে, আগামী ২০২৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে স্যানগ-২০২৭ (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ)।
পাঠকের মন্তব্য