![]()
ইবি স্পোর্টস রিপোর্ট
ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন লিটন দাস। তবে শতক উদ্যাপনের মুহূর্তটি ছিল একটু আলাদা। নিজের ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি মেয়েকে উৎসর্গ করেছেন বাংলাদেশের এই ব্যাটার। শতরানের মাইলফলক ছোঁয়ার পর একটি কাগজ তুলে ধরে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছাও জানান তিনি। সেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই ১০০ তোমার জন্য।’
দিনের শুরুতে প্রথম চার বল সামলে নিয়ে নিজের সংগ্রহে আরও তিন রান যোগ করেন লিটন। অন্য প্রান্তে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজ কাগিসো রাবাদার প্রথম বলটি সতর্কভাবে মোকাবিলা করেন। ওভারের শেষ বলে চার মেরে নিজের ইনিংসের শুরু করেন তিনি।
এরপর সবার নজর ছিল লিটনের ব্যাটিংয়ের দিকে। ঝুঁকি না নিয়ে দেখেশুনে খেলছিলেন তিনি। সিঙ্গেল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন তিন অঙ্কের দিকে। শেষ পর্যন্ত ১৫৪তম বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই তাঁর প্রথম শতক।
লিটনের আগের সেঞ্চুরিটি এসেছিল গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক করে নিজের ক্যারিয়ারে আরেকটি মাইলফলক যোগ করলেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করার পর মেয়ের জন্মদিন উপলক্ষে বার্তা লেখা কাগজটি তুলে ধরেন লিটন।
৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন ৯২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন লিটন। তাওহীদ হৃদয় ১৩৭ রানে আউট হওয়ার পর প্রথম দিনের খেলার সমাপ্তি ঘটে।ম্যাচের শুরুতে ২২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেন তানজীদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৯৯ রানের জুটি। এরপর লিটন ও হৃদয় মিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গড়েন রেকর্ড ২০৬ রানের জুটি।
সেই ধারাবাহিকতায় লিটনের ব্যাটে আসে সেঞ্চুরি। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি মেয়ের জন্মদিনে এমন উপহার দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের এই ব্যাটার।
পাঠকের মন্তব্য