![]()
ইবি রিপোর্ট
দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৮২ জন। চলতি বছরে নিশ্চিত হাম এবং উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। মৃত চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২১৩ জন। দুই হিসাব মিলিয়ে দেশে হাম ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগের হাসপাতালে নতুন রোগী ভর্তির পরিসংখ্যানও প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে নতুন রোগীর সংখ্যা ২৬৯ জন। সিলেট বিভাগে ২৫২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৭২ জন, খুলনায় ১৩২ জন এবং ময়মনসিংহে ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৩ জন। রংপুর বিভাগে এই সংখ্যা ছিল ৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী আসার হিসাব রাখা হচ্ছে। ওই সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৪৪২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে গত ২৪ ঘণ্টার নতুন রোগী ভর্তি, মৃত্যুর সংখ্যা এবং চলতি বছরের সামগ্রিক পরিস্থিতি উঠে এসেছে।