![]()
ইবি বিনোদন ডেস্ক
রাতের ঘুম ঠিক রাখতে শুধু নির্দিষ্ট সময়ে বিছানায় গেলেই হয় না। ঘুমের আগে ঘরের আলোর রং ও তীব্রতাও ঘুমের ওপর প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, নীল আলো মেলাটোনিনের নিঃসরণ কমিয়ে ঘুমে বাধা সৃষ্টি করে। তাই সন্ধ্যার পর আলোর ব্যবহার নিয়ে সচেতন থাকা প্রয়োজন। রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের নিউরোমেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. ইসরাত জেরিন আলমের সঙ্গে কথা বলে এসব তথ্য জানিয়েছেন রাফিয়া আলম।
আমাদের ঘুমের চক্রের সঙ্গে আলোর রং ও তীব্রতার সম্পর্ক রয়েছে। সূর্যোদয়ের পর ছড়িয়ে পড়া আলো মানুষের কর্মচাঞ্চল্য বাড়াতে সহায়তা করে। অন্যদিকে সূর্যাস্তের গাঢ় লাল রং ঘুমের অনুকূল পরিবেশ তৈরি করে। রাতের স্বাভাবিক অন্ধকারও ঘুমের জন্য সহায়ক।
তবে আধুনিক শহুরে জীবনে প্রাকৃতিক নিয়মের সঙ্গে মানুষের অভ্যাসের দূরত্ব তৈরি হয়েছে। রাতেও ঘরে-বাইরে উজ্জ্বল আলো জ্বলে, চলতে থাকে নানা কর্মব্যস্ততা। কেউ গভীর রাত পর্যন্ত পড়াশোনা বা পেশাগত কাজে সময় কাটান। আবার অনেকে মুঠোফোন, টেলিভিশন কিংবা অন্যান্য ডিজিটাল যন্ত্র ব্যবহার করেন।
কেউ রাতের শহরে ঘুরতে বের হন, কেউ বাইরে খেতে যান। ঘুমানোর সময়ও অনেকে বিভিন্ন রঙের ডিমলাইট ব্যবহার করেন। এসব অভ্যাসের কারণে অনেকের ঘুম আসতে দেরি হয়। নীল আলোর প্রভাবে শরীরে মেলাটোনিনের নিঃসরণ কমে যায়। মেলাটোনিনকে ঘুমের হরমোন বলা হয়।
নীল রঙের বাল্ব ছাড়াও বিভিন্ন ডিজিটাল যন্ত্র নীল আলোর উৎস। মুঠোফোন, ট্যাব, টেলিভিশন, কম্পিউটার ও গেমিং সিস্টেমে এই আলো থাকে। এ ছাড়া এলইডি ও ফ্লুরোসেন্ট বাল্ব থেকেও নীল আলো পাওয়া যায়। যেকোনো রঙের উজ্জ্বল আলোতেও দীর্ঘক্ষণ থাকলে ঘুম আসতে দেরি হতে পারে।
বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, ঘুমের অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে ঘরের আলোর তীব্রতা কমিয়ে রাখা ভালো। সন্ধ্যার পর হলুদ, কমলা কিংবা লাল রঙের আলো ব্যবহার করা যেতে পারে। বাইরে থেকে ঘরে আলো প্রবেশ কমাতে সন্ধ্যায় পর্দা টেনে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। তবে চলাচল, পড়াশোনা ও প্রয়োজনীয় কাজের জায়গায় পর্যাপ্ত আলো রাখা উচিত।
ঘুমানোর দুই থেকে তিন ঘণ্টা আগে মুঠোফোন ও টেলিভিশনের মতো যন্ত্র ব্যবহার বন্ধ করা ভালো। একান্ত প্রয়োজন হলে এসব যন্ত্রের উজ্জ্বলতা কমিয়ে ব্যবহার করতে হবে। সম্ভব হলে নাইট মোড চালু করে ব্যবহারের সময় সীমিত রাখতে হবে। মানসম্মত ব্লু লাইট ব্লকিং চশমাও ব্যবহার করা যেতে পারে।
ঘুমানোর ক্ষেত্রে অন্ধকার ঘর সবচেয়ে ভালো পরিবেশ তৈরি করে। প্রয়োজন হলে ডিমলাইট ব্যবহার করা যায়, তবে রং নির্বাচনে সতর্ক থাকা দরকার। লাল রঙের ডিমলাইট সবচেয়ে ভালো বলে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হলুদ কিংবা কমলা রঙের আলোও ব্যবহার করা যেতে পারে। নীল ডিমলাইট এড়িয়ে চলতে হবে। সবুজ আলো নীলের মতো ক্ষতিকর না হলেও সেটি ব্যবহার না করার পরামর্শ রয়েছে।