![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের ধীরগতি ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতায় প্রভাব ফেলছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার হামলা প্রতিহত করার ক্ষেত্রে এ পরিস্থিতি বাধা তৈরি করছে বলে জানিয়েছেন তিনি। শীতের আগে মানুষের জীবন ও জ্বালানি অবকাঠামো সুরক্ষায় বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এ বিষয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি এই বিধি-নিষেধগুলো তুলে নেওয়া হবে। শীতের আগে মানুষের জীবন এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রক্ষা করা সরাসরি এর ওপর নির্ভর করছে।’
জেলেনস্কি জানান, মার্কিন সরকার এবং ইলন মাস্কের প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতিহাসের সঠিক পাশে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স স্টারলিংক নামে স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনা করে। তবে মার্কিন সরকারের মাধ্যমে ইউক্রেনকে এই সেবা সরবরাহ করা হয়। গত কয়েক সপ্তাহ ধরে স্টারলিংকের সংযোগের গতি নিয়ে জটিলতা চলছে।
যুদ্ধক্ষেত্রে যোগাযোগ বজায় রাখতে ইউক্রেন সাধারণ স্টারলিংক সেবা ব্যবহার করে। ফলে সংযোগের ধীরগতি দেশটির সামরিক যোগাযোগ ও প্রতিরক্ষা কার্যক্রমে প্রভাব ফেলছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি।