![]()
ইবি রিপোর্ট
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অনুমোদিত মূলধন পাঁচ গুণ বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ১০ হাজার কোটি টাকায়।
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত এক করপোরেট তথ্যে বিষয়টি জানানো হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যাংকের স্মারকলিপি (মেমোরেন্ডাম) ও গঠনতন্ত্রে (আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) প্রয়োজনীয় সংশোধন এনে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
তবে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরই মূলধন বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। এ জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নিতে হবে। পাশাপাশি ব্যাংকের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের চূড়ান্ত সম্মতিও প্রয়োজন হবে।
বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি টাকা। অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাবটি প্রয়োজনীয় অনুমোদন ও শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে ব্যাংকটির ভবিষ্যৎ মূলধন সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।