![]()
ইবি বিনোদন ডেস্ক
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে সীতা চরিত্রের উপস্থাপন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ছবির একটি দৃশ্যে রামের সঙ্গে সীতাকেও রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে দেখা গেছে। আর এ দৃশ্য ঘিরেই দর্শকদের একাংশের আপত্তি। তাদের দাবি, প্রচলিত বাল্মীকি রামায়ণে সীতার এভাবে যুদ্ধ করার কোনো বর্ণনা নেই। ফলে সিনেমায় মূল কাহিনির পরিবর্তন আনা হয়েছে বলে সমালোচনা করছেন অনেকে।
ছবিতে সীতা চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন দর্শক দৃশ্যটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, রাক্ষস খর, দূষণ ও তাদের বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে রাম একাই অংশ নিয়েছিলেন। সীতা সেখানে অস্ত্র হাতে যুদ্ধ করেননি।
এক নেটিজেন ছবিটির সমালোচনা করে লিখেছেন, ‘রামায়ণ-এর নামে আরও একটি প্রতারণা, নাকি বলা উচিত ‘স্ক্যামায়ণ’? এখানে আমরা দেখছি, মা সীতা শ্রী রামকে ১৪ হাজার রাক্ষসের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করছেন। অথচ শাস্ত্র অনুযায়ী, শ্রী রাম একাই খর ও দূষণের পুরো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিনি লক্ষ্মণ ও মা সীতাকে সেখান থেকে সরিয়ে দিয়েছিলেন।’
আরেক দর্শকের মন্তব্য, ‘কী আশ্চর্য! ভগবান রাম সম্পূর্ণ রাক্ষস বাহিনীর বিরুদ্ধে একাই যুদ্ধ করেছিলেন। রামায়ণে সেই যুদ্ধের বর্ণনা অত্যন্ত ভয়াবহ। রাক্ষসদের রক্তে তার শরীর ঢেকে গিয়েছিল। মা সীতা ছিলেন নারীত্বের প্রতীক। ভগবান রাম কখনও তাকে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে দিতেন না।’
অন্য একজন লিখেছেন, ‘আমার বংশে আমিই প্রথম জানলাম যে মা সীতা নাকি রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করেছিলেন!’
বাল্মীকি রামায়ণের বর্ণনা অনুযায়ী, ১৪ বছরের বনবাসের সময় রাক্ষসদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে রামের অংশগ্রহণের কথা থাকলেও সীতার যুদ্ধ করার কোনো উল্লেখ নেই। শূর্পণখাকে পরাজিত করেছিলেন রামের ভাই লক্ষ্মণ। অন্যদিকে রাম ও লক্ষ্মণ একসঙ্গে রাক্ষস বিরাধের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
খর, দূষণ ও তাদের বিশাল রাক্ষস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে রাম একাই এগিয়ে গিয়েছিলেন বলে বাল্মীকি রামায়ণে বর্ণনা রয়েছে।
তবে রামায়ণের আরেকটি সংস্করণ ‘অদ্ভুত রামায়ণ’-এ সীতার ভিন্ন এক রূপের কথা উঠে এসেছে। সেখানে তাঁকে দেবী শক্তির শক্তিশালী প্রকাশ হিসেবে দেখানো হয়েছে। এই গ্রন্থের বর্ণনা অনুযায়ী, সহস্র রাবণ বা হাজার মাথাবিশিষ্ট রাবণের কাছে রাম পরাজিত হলে সীতা মহাকালীর রূপ ধারণ করেন। এরপর নিজেই যুদ্ধে নেমে ওই অসুরকে বধ করেন।
লস অ্যাঞ্জেলেসে ‘রামায়ণ’-এর প্রিমিয়ারে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন পরিচালক নীতেশ তিওয়ারি। চরিত্রগুলোর উপস্থাপনায় পরিবর্তন এবং সৃজনশীল স্বাধীনতা নেওয়ার বিষয়ে তিনি নিজের অবস্থান তুলে ধরেন।
নীতেশ তিওয়ারি বলেন, ‘সীতার চরিত্রেও কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে। আমরা খুব ভালোভাবেই জানি, কিছু বিষয় এবং কিছু চরিত্রের ক্ষেত্রে আমরা সৃজনশীল স্বাধীনতা নিতে পারি। আবার এমন কিছু চরিত্র রয়েছে, যাদের ক্ষেত্রে কোনও রকম স্বাধীনতা নেওয়া উচিত নয়। যেমন ভগবান রাম। আপনারা জানেন, আমাদের দেশের প্রতিটি সংস্করণেই তিনি ভগবান রাম।’
পরিচালক আরও বলেন, ‘মা সীতার ক্ষেত্রেও কোথাও কোথাও তার যোদ্ধারূপের উল্লেখ রয়েছে। যেমন ‘অদ্ভুত রামায়ণ’-এ তাকে একজন যোদ্ধা রাজকন্যা হিসেবে তুলে ধরা হয়েছে। আমরা সেখান থেকেই তার সেই বৈশিষ্ট্যটি নিয়েছি। আমার মনে হয়, এটি চরিত্রটির মধ্যে একটি সুন্দর নতুন মাত্রা যোগ করেছে।’
প্রায় ৪ হাজার কোটি টাকা বাজেটে নির্মিত ‘রামায়ণ’ চলতি বছরের বড় সিনেমা মুক্তিগুলোর অন্যতম। ছবিটি দুই পর্বে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম পর্বটি ৫ নভেম্বর ২০২৬, দীপাবলির আগে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। দ্বিতীয় পর্ব ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সাই পল্লবী ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, সানি দেওল, রবি দুবে ও যশ।
পাঠকের মন্তব্য