![]()
ইবি রিপোর্ট
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে নতুন হারে বর্ধিত বেতন শ্রমিকদের হাতে পৌঁছাবে জানুয়ারি থেকে। বুধবার নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। সভায় মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বোর্ড চেয়ারম্যান। তিনি জানান, পরবর্তী সভায় মালিক ও শ্রমিকপক্ষ আলাদাভাবে নিজেদের মজুরি প্রস্তাব জমা দেবে। পাশাপাশি নিরপেক্ষ সদস্যও একটি প্রস্তাব উপস্থাপন করবেন। এরপর তিন পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত রোববার শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করা হয়। সেখানে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া মালিকপক্ষের স্থায়ী সদস্য করা হয়েছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে। শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
একই দিনে তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে।
এদিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান পদেও পরিবর্তন এসেছে। গতকাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন শেখ আশফাকুর রহমান। বুধবার সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে শেখ আশফাকুর রহমানকে বদলির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
একাধিক সূত্রের বরাতে জানা গেছে, পোশাকশিল্পের মতো সংবেদনশীল খাতে শ্রমিকদের মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় সদ্য বিদায়ী চেয়ারম্যানের ওপর আস্থা নিয়ে প্রশ্ন ছিল। এ কারণে গত দুই থেকে তিন দিনের মধ্যে তাঁকে বদলির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গেও মতবিনিময় করেন।
সেখানে বিজিএমইএ সভাপতি জানান, শ্রমিকদের চলমান আন্দোলনের পরিস্থিতি সামাল দিতে সরকার গঠিত মজুরি বোর্ডের সভা দ্রুত আয়োজন করা হবে। বুধবারই সভা হতে পারে বলেও তিনি জানিয়েছিলেন। মজুরি পুনর্নির্ধারণের একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে আশ্বাস তৈরি হবে বলে মনে করেন তিনি।