![]()
ইবি রিপোর্ট
প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নিয়োগ পাওয়া তিন পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহেদুর রহমান (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মোঃ মাসুদুর রহমান শাহ।
তবে নবনিযুক্ত পরিচালকদের একজন মোহাম্মদ মোশারফ হোসেনের ক্ষেত্রে একটি শর্ত যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। তিনি বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারার বিধান অনুযায়ী, একই সময়ে দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনের সুযোগ নেই। এ কারণে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার আগে মোহাম্মদ মোশারফ হোসেনকে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দি প্রিমিয়ার ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে মোশারফ হোসেনের পদত্যাগ নিশ্চিত করে এ সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছে।
ফলে প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে নতুন দায়িত্ব গ্রহণের আগে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে তার পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।