![]()
ইবি রিপোর্ট
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। তবে নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া শুরু হবে আগামী বছরের জানুয়ারি থেকে। বুধবার ঢাকার সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে ঐকমত্য হয়।
সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিনও একই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
বাবুল আখতার বলেন, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে শ্রমিকেরা নতুন হারে বেতন পাবেন জানুয়ারি থেকে।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ওই দিন সচিবালয়ে সংবাদ সম্মেলনে বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে। সভায় মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে অংশ নেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।
শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
বোর্ডের দায়িত্ব হলো তৈরি পোশাকশিল্পের সব পদে কর্মরত শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা। বোর্ডের সুপারিশ পাওয়ার পর সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা করবে এবং এ বিষয়ে গেজেট প্রকাশ করবে।
প্রথম সভায় নতুন মজুরি কার্যকর ও পরিশোধের সময় নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মজুরি কাঠামো কার্যকর হবে ডিসেম্বর থেকে। আর শ্রমিকেরা জানুয়ারি থেকে নতুন হারে বেতন পাবেন।
পাঠকের মন্তব্য