![]()
ইবি রিপোর্ট
বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা দ্রুত বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে ৪ হাজার ৯১১টি গুরুতর সাইবার হামলা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৭১ শতাংশ বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে এসব হামলার পরিসর ও গতি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা।
ইতালির জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লুসিটের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিশ্বে প্রতি মাসে গড়ে ৮১৯টি গুরুতর সাইবার হামলার ঘটনা ঘটেছে। আগের ছয় মাসের তুলনায় এ সংখ্যা ১০৫ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম ছয় মাসে হামলার মোট সংখ্যা ২০২৫ সালের পুরো বছরের ঘটনার ৯৩ শতাংশের সমান। খবর তুর্কি টুডে।
ক্রিপ্টো প্ল্যাটফর্মে হ্যাকিংয়ের ঘটনা
সম্প্রতি বিশ্বের বড় দুটি ক্রিপ্টো প্ল্যাটফর্মে হ্যাকিংয়ের ঘটনা সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর মধ্যে ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে হামলায় গ্রাহকদের প্রায় ৬৩০ কোটি ডলারের সম্পদ চুরির খবর প্রযুক্তি জগতে আলোচনার জন্ম দিয়েছে।
এ ছাড়া একই দিনে তৃতীয় পক্ষের একটি তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপরও সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
নতুন ঝুঁকি ‘এজেন্টিক হ্যাকিং’
গবেষকদের মতে, সাইবার হামলার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন নতুন উদ্বেগের কারণ হয়ে উঠছে। এআই ব্যবহার করে হামলার পরিসর ও গতি বাড়তে পারে। ভবিষ্যতে এআইনির্ভর বিভিন্ন প্রোগ্রাম নিজেরাই হামলার পরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়ন করতে সক্ষম হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
ক্লুসিটের প্রতিবেদনে ‘এজেন্টিক হ্যাকিং’ নামে নতুন একটি প্রবণতার কথাও উল্লেখ করা হয়েছে। এ পদ্ধতিতে এআই প্রোগ্রাম মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই সাইবার হামলা চালিয়ে যেতে পারে। ফলে প্রতিষ্ঠানগুলোর তথ্যভান্ডার ও প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।