![]()
বাংলাদেশ জ্বালানি খাতে বৈচিত্র্য আনতে সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছে।
কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মো. জসিম উদ্দিন প্রদেশটিতে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে এই আগ্রহ তুলে ধরেন। আলোচনায় প্রচলিত জ্বালানি, পরিচ্ছন্ন প্রযুক্তি এবং ছোট আকারের মডুলার রিঅ্যাক্টর (SMR)-এর মতো উদীয়মান খাতে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাসকাচোয়ানের প্রিমিয়ার স্কট মো-এর সঙ্গে বৈঠকে তিনি ‘বাংলাদেশ-সাসকাচোয়ান সহযোগিতা কাঠামো’ গঠনের প্রস্তাব দেন, যা জ্বালানি, কৃষি, খাদ্যপণ্য মূল্য শৃঙ্খল এবং গবেষণা সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। প্রিমিয়ার এ প্রস্তাবকে স্বাগত জানান এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
এ সময় প্রাদেশিক বাণিজ্য ও রপ্তানি উন্নয়নমন্ত্রী ওয়ারেন কেইডিং উপস্থিত ছিলেন। পরবর্তীতে জ্বালানি সম্পদমন্ত্রী ক্রিস বড্রি এবং কৃষিমন্ত্রী ডেভিড ম্যারিট-এর সঙ্গেও বৈঠক করেন হাইকমিশনার।
আলোচনায় প্রযুক্তিগত সহযোগিতা, গবেষণা অংশীদারিত্ব এবং অভিজ্ঞতা বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে পটাশ সারসহ কৃষি-খাদ্য পণ্যে সহযোগিতা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করা হয়।
উভয় পক্ষ কৃষি-প্রক্রিয়াজাতকরণ, কৃষি প্রযুক্তি এবং ক্যানোলা-ভিত্তিক ভোজ্য তেল উৎপাদনের মতো মূল্য সংযোজন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয়।
সফরকালে হাইকমিশনারকে রেজিনায় গভর্নমেন্ট হাউসে লেফটেন্যান্ট গভর্নর বার্নাডেট ম্যাকইনটাইর অভ্যর্থনা জানান। এছাড়া ইউনিভার্সিটি অব রেজিনা-এর প্রেসিডেন্ট ড. জেফ কেশন-এর সঙ্গে বৈঠকে একাডেমিক সহযোগিতা ও দক্ষতা উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
এছাড়া Saskatchewan Trade and Export Partnership (STEP), SaskPower এবং Petroleum Technology Research Centre (PTRC)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও খাতভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
পাঠকের মন্তব্য