
ইবি রিপোর্ট
কবিতা কখনো পুরোনো হয় না; সময়ের সঙ্গে বদলে যায় তার পাঠ ও মানুষের দেখার চোখ। সেই ভাবনাকে কেন্দ্র করে ধানমন্ডি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘কবিতার দশক : আশির চোখে নব্বই, নব্বইয়ের চোখে আশি’ শীর্ষক বিশেষ আয়োজন।
ধানমন্ডি আড্ডার এই আয়োজনে আশি ও নব্বইয়ের দশকের কবিতা, সময়চেতনা, নির্মাণশৈলী ও কবিদের নিজস্ব অবস্থান নিয়ে আলোচনা হয়। আশির দশকের কবিতায় থাকা রাজনৈতিক অস্থিরতা, স্বৈরাচারবিরোধী চেতনা, প্রেম, দ্রোহ ও ব্যক্তিমানসের টানাপোড়েন কীভাবে নব্বইয়ের কবিতায় ভিন্ন ভাষা ও উচ্চারণ পেয়েছে, তা আলোচনায় উঠে আসে।
আলোচনায় অংশ নেন ফরিদ কবির, জুয়েল মাজহার, রেজাউদ্দিন স্টালিন, গৌরাঙ্গ মোহান্ত, কুমার চক্রবর্তী, চঞ্চল আশরাফ ও সাখাওয়াত টিপুসহ অনেকে। সম্পূরক আলোচনায় অংশ নেন জাহিদ হায়দার ও আহমদ শরীফ।
আয়োজনে দুই দশকের আমন্ত্রিত কবিরা নিজেদের কবিতা পাঠ করেন। ফলে আলোচনা, স্মৃতি, তর্ক ও কবিতা পাঠ মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে দুই প্রজন্মের সাহিত্যচর্চার এক সেতুবন্ধন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হাসান মাহমুদ। সভাপতিত্ব করেন ধানমন্ডি আড্ডার সভাপতি ও কথাসাহিত্যিক মোহিত কামাল। সঞ্চালনা ও সার্বিক আয়োজনে ছিলেন সাধারণ সম্পাদক নূর কামরুন নাহার।
ধানমন্ডি আড্ডা দীর্ঘদিন ধরে কবিতা, গল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত আয়োজন করে আসছে। এবারের আয়োজনের মধ্য দিয়ে আশি ও নব্বইয়ের দশকের কবিতাকে নতুন দৃষ্টিতে দেখার পাশাপাশি সময় ও মানুষের সঙ্গে কবিতার সম্পর্কও উঠে আসে।
পাঠকের মন্তব্য