![]()
ইবি রিপোর্ট
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৬১ জনের মৃত্যু হয়েছে। মাসওয়ারি হিসাবে নভেম্বরের প্রথম সপ্তাহে মারা গেছেন ৩৮ জন। অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী মারা গেছেন।
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৩৩৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ১২৪ জন। এ ছাড়া খুলনায় ৩৩২, চট্টগ্রামে ২৭২, বরিশালে ২৩১ ও রাজশাহীতে ২১৩ জন ভর্তি হয়েছেন। রংপুরে ভর্তি ৭৫ জন, ময়মনসিংহে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৫ জন।