![]()
ইবি স্পোর্টস ডেস্ক
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের মধ্যেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। গোড়ালির গুরুতর চোটের কারণে চলমান সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না ওপেনার সাদমান ইসলাম। একই চোটের কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও তাকে পাচ্ছে না জাতীয় দল। ফলে সামনের দুই টেস্টের আগে নতুন ওপেনার খুঁজতে হবে নির্বাচকদের।
সাদমানের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি হাড়েও হালকা চিড় ধরা পড়েছে। এই চোট থেকে সেরে উঠতে তার দীর্ঘ সময় প্রয়োজন হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে স্লাইড করার সময় ভারসাম্য হারিয়ে গোড়ালিতে আঘাত পান বাঁহাতি এই ওপেনার। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।
পরীক্ষার পর বিসিবি নিশ্চিত করেছে, গোড়ালির লিগামেন্টে বড় ধরনের চোট পেয়েছেন সাদমান। এ কারণে তাকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে।
সাদমানের অনুপস্থিতি শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজেই প্রভাব ফেলছে না, দক্ষিণ আফ্রিকা সফরেও বাংলাদেশকে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলতে পারবেন না তিনি।
আগামী ১০ ও ১১ নভেম্বর দুই ভাগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৭ নভেম্বর। এত অল্প সময়ের মধ্যে সাদমানের পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
এদিকে সাদমানের জায়গায় কাকে ওপেনিংয়ে খেলানো হবে, তা নিয়ে ভাবতে হচ্ছে জাতীয় দলের নির্বাচকদের। শূন্যস্থান পূরণে নতুন কোনো ওপেনারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে। খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের চূড়ান্ত টেস্ট দল ঘোষণা করা হতে পারে।
পাঠকের মন্তব্য