![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ছেলের নবম শ্রেণির ষান্মাসিক পরীক্ষার ফলে খুশি হয়ে প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা (২ কোটি ৩০ লাখ রুপি) দামের গাড়ি উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গের এক ব্যবসায়ী। পরীক্ষায় ছেলে পেয়েছেন ৯৭ শতাংশ নম্বর। উপহারটি বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন।
পূর্ব বর্ধমান জেলার গলসির ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যার ছেলে মোহাম্মদ তালহা। বর্ধমানের রেনেসাঁ উপনগরীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসই বোর্ডের নবম শ্রেণিতে পড়ে সে। পড়ালেখায় বরাবরই মেধাবী তালহা দুর্দান্ত ফল করায় বাবা তার বহুদিনের স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নেন।
সামসুদ্দিনের গলসিতে চারটি রাইস মিল আছে। তিনি চীন ও ভিয়েতনামে চাল রপ্তানি করেন। গাড়ির প্রতি তাঁর ব্যাপক শখ। নিজ গ্যারেজে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্র থর ও হুন্ডাই আলকাজারের মতো বিলাসবহুল গাড়ি।
ছেলের ভালো ফলের খবর পেয়েই তিনি সোজা মুম্বাই যান। আন্ধেরির একটি নামি শোরুম থেকে গাড়িটি কিনে বিশেষ কনটেইনার বা ট্রাকে করে পূর্ব বর্ধমানে আনেন। কচি কলাপাতার রঙের ঝকঝকে গাড়িটি গত শুক্রবার গলসিতে পৌঁছায়।
অন্য গাড়িগুলোর মতো এই গাড়ির নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যা ‘৫৫৫’ রাখতেও বিপুল অর্থ খরচ করেছেন এই ব্যবসায়ী।
তালহার বয়স মাত্র ১৫ বছর, ড্রাইভিং লাইসেন্সও নেই। তাই এখনই গাড়ি চালানোর প্রশ্ন ওঠে না। সে জানিয়েছে, নাবালক হওয়ায় এখন রাস্তায় গাড়ি চালাবে না। আপাতত পড়াশোনায় মন দেবে। সপ্তাহে একদিন বাবার পাশে বসে নতুন গাড়িতে ঘুরবে।
সামসুদ্দিন মিদ্যা বলেন, ‘ছেলে অনেক আগেই আমাকে বলেছিল, আব্বা একটা বিএমডব্লিউ চাই। তাই কিনে দিলাম।’