
ইবি রিপোর্ট
জাকার্তায় লাওস-ব্রুনাই ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপের আসর। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতার ডিভিশন-১-এ নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশের গ্রুপে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া রয়েছে। তিন প্রতিপক্ষই ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। সর্বশেষ তালিকায় ইন্দোনেশিয়া ১১৮তম, মালয়েশিয়া ১৩৬তম, সিঙ্গাপুর ১৪৮তম এবং বাংলাদেশ ১৮১তম অবস্থানে রয়েছে।
তবে র্যাঙ্কিংয়ের ব্যবধান নিয়ে ভয় পাচ্ছেন না বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। বরং শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগকে অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার।
গত ২০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছায় বাংলাদেশ দল। পরদিন ইংল্যান্ড থেকে সরাসরি জাকার্তায় গিয়ে দলের সঙ্গে যোগ দেন হামজা। দলের সঙ্গে অনুশীলনের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তারা কাউকে ভয় পেতে আসেননি। নিজেদের সামর্থ্য সম্পর্কে তারা জানেন এবং এই টুর্নামেন্ট থেকে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করে দেশকে গর্বিত করতে চান।
ইন্দোনেশিয়ার আতিথেয়তা ও সুযোগ-সুবিধা নিয়েও সন্তুষ্ট হামজা। স্থানীয় মানুষের বন্ধুত্বপূর্ণ আচরণ, ফুটবলের জনপ্রিয়তা এবং অনুশীলনের সুযোগ-সুবিধার প্রশংসা করেছেন তিনি। মূল স্টেডিয়ামে খেলার জন্যও তিনি অপেক্ষা করছেন।
প্রতিপক্ষ দলগুলোর খেলোয়াড় ও কোচিং নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন হামজা। তার মতে, এসব দলের র্যাঙ্কিং ভালো এবং দলে মানসম্পন্ন খেলোয়াড় রয়েছেন। আগামী বিশ্বকাপের বাছাইপর্বেও দলগুলো ভালো করবে বলে মনে করেন তিনি।
ইন্দোনেশিয়ার তরুণ ফুটবলার অ্যালকান ব্যাগটের বিপক্ষে খেলার অপেক্ষাতেও রয়েছেন হামজা। ইংল্যান্ড থেকে ইন্দোনেশিয়া যাওয়ার পথে বিমানে ব্যাগটের সঙ্গে তার দেখা হয়েছিল। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব মিলওয়ালে খেলা এই ফুটবলারকে তরুণ ও সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেছেন হামজা।
বাংলাদেশের অনুশীলন নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। জাকার্তায় অনুশীলনের জন্য ভালো মাঠ পাওয়া গেছে জানিয়ে হামজা বলেন, হোটেলসহ অন্যান্য সুযোগ-সুবিধাও ভালো এবং দলের সদস্যরা সেখানে সময় উপভোগ করছেন।
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে ২৫ সেপ্টেম্বর। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পাঠকের মন্তব্য