![]()
রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দাবি থেকে সরকার সরে গেলে ‘চব্বিশের গণ-অভ্যুত্থান’ পুনরাবৃত্তি হতে পারে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত ‘আবারও হুমকির মুখে মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারকে কাঠামোগত পরিবর্তনের জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় পরিস্থিতি আবারও আন্দোলনের দিকে গড়াতে পারে। তিনি মন্তব্য করেন, “ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের লক্ষ্যেই চব্বিশের গণ-অভ্যুত্থান হয়েছিল।”
তিনি আরও বলেন, “যদি আগের ব্যবস্থাই বহাল থাকে, তাহলে যে কেউ ভবিষ্যতে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। ফ্যাসিবাদ কোনো একক ব্যক্তি নয়, বরং একটি ধারার বহিঃপ্রকাশ।”
সংবিধান সংস্কার ইস্যুতে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, যারা একসময় ভুক্তভোগী ছিলেন, তারাই এখন সংস্কারের বিরোধিতা করছেন, যা দুঃখজনক।
নির্বাচনের পর সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “আমরা সুবিধাভোগী হলেও সাধারণ মানুষ কোনো সুফল পায়নি। রাষ্ট্র যেন জনগণের আস্থা অর্জন করে—এটাই এখন সবচেয়ে জরুরি।”
গুমের শিকার পরিবারগুলোর কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ এমন একটি রাষ্ট্র চেয়েছিল যেখানে কাউকে তুলে নিয়ে গুম করা হবে না।
মানবাধিকার কমিশনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, এটি যদি সরকারি নিয়ন্ত্রণাধীন থাকে, তবে নিরপেক্ষ তদন্ত ব্যাহত হতে পারে এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনজীবী ও মানবাধিকারকর্মী মানজুর-আল-মতিন, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, আলোকচিত্রী শহিদুল আলম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।
পাঠকের মন্তব্য