![]()
ইবি রিপোর্ট
আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি এবং ভারতের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালানোর অভিযোগ তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তাঁর দাবি, আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দলটি প্রমাণ করেছে, তারা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব চায় না; বরং ভারতের দাসত্ব প্রতিষ্ঠা করতে চায়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী সমমনা জোট এ কর্মসূচির আয়োজন করে।
শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ জন্মগতভাবেই সন্ত্রাসী দল। বিরোধী দলে থাকা অবস্থায় যেমন তারা আগুন দেয়, তেমনি ক্ষমতায় থাকলেও একই ধরনের কর্মকাণ্ড চালায়। তাঁর অভিযোগ, শেখ হাসিনা তিনবার গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশের অস্তিত্বকে বিপন্ন করেছিলেন।
তিনি আরও বলেন, আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে চলে গেলেও সেখান থেকে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না। গোপালগঞ্জে আগুন দেওয়া হচ্ছে, একইভাবে বিএনপির কার্যালয়েও অগ্নিসংযোগ করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচিত সরকারকে চ্যালেঞ্জ করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় ধৈর্যের পরিচয় দিচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে বিএনপি এখন পর্যন্ত তাদের নেতাকর্মীদের সংযত রেখেছে। তবে দেশের মানুষ জেগে উঠলে পরিস্থিতি ভিন্ন রূপ নিতে পারে বলে আওয়ামী লীগকে সতর্ক করেন তিনি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, তাঁদের নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু দলের অনেক নেতাকর্মী এখনও বাংলাদেশে অবস্থান করছেন। তাঁদের কেউ ব্যবসা করছেন, কেউ নিজ নিজ বাড়িতে রয়েছেন। যারা লুটপাট ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছিলেন, তাদের সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, ‘আপনারা ভারতে বসে যা করছেন, তাতে আগুন দিয়ে প্রমাণ করেছেন, বাংলাদেশ আপনারা চান না; ভারতের দাসত্ব চান।’
দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র রক্ষার শপথ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ কীভাবে প্রতিহত করতে হয়, তা এ দেশের মানুষ জানে।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে শামসুজ্জামান দুদু বলেন, শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। তাঁর নেতৃত্বে রণাঙ্গনে যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের যারা বিপন্ন করতে চায়, তাদের সঙ্গে কোনো আপস করা হবে না। এ ধরনের শক্তিকে কঠোরভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
সমাবেশে ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি শেখ লুৎফুর রহমানসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্তর্ভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য