![]()
ইবি রিপোর্ট
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী পুলিশ কর্মকর্তা এবার নিজেই হামলার শিকার হয়েছেন। রোববার বিকেলে পাটগাতি বাজারে দায়িত্ব পালন করার সময় উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে এ ঘটনা ঘটে। দায়িত্ব পালনকালে কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। হামলায় আহত এসআই মোসলেম আলী বর্তমানে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী গণমাধ্যমকে জানান, রোববার বিকেলে পাটগাতি বাজারে দায়িত্ব পালন করছিলেন এসআই মোসলেম আলী। এ সময় বেশ কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত পুলিশ কর্মকর্তা মোসলেম আলী গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার বাদী ছিলেন। ওই ঘটনার পর করা মামলাটিতে তিনি বাদী হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে, গত ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই দিন সকাল থেকেই টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। তাঁদের হাতে ছিল লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র।
দিনভর এসব কর্মসূচির মধ্যে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। এ ছাড়া পুলিশের সদস্যদের ওপরও হামলার ঘটনা ঘটে।
এসব ঘটনার পর গত ১৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ওই দিনের সহিংসতার ঘটনায় করা মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। ওই মামলার বাদী এসআই মোসলেম আলীর ওপর রোববারের হামলার ঘটনা ঘটল।
পাঠকের মন্তব্য