![]()
ইবি রিপোর্ট
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পাসপোর্ট এবং প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা রয়েছে বলে দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ বিষয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের দেওয়া সাম্প্রতিক বক্তব্যের মধ্যে সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন না বলে সংসদে জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের বৈঠকে ৭১ বিধিতে আনা একটি নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা।
সংসদে তিনি বলেন, শেখ হাসিনা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে এর একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের বক্তব্যে ভিন্নতা রয়েছে বলে মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান গত ৩ নভেম্বর জানিয়েছিলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা তাকে ফিরিয়ে আনা হোক, সরকারের চাওয়া একটাই। সরকার তার দেশে ফেরা ঠেকাতে চায় না। তার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও তিনি মত দেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক বলে উল্লেখ করেন ওই উপদেষ্টা।
তবে উপদেষ্টার বক্তব্যের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্যের মিল নেই বলে দাবি করেন রুমিন। তিনি বলেন, কিছুদিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। গত ৯ নভেম্বর তিনি আবারও বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দেওয়ার কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে, আরেকটি প্রতিবেদনে বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও ভিন্নতা রয়েছে বলে সংসদে উল্লেখ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, গত ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের সত্যতা তিনি তখনো যাচাই করতে পারেননি। আবেদনের আইনগত ভিত্তি পর্যালোচনা করে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
এদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান গত ৮ ও ১৪ নভেম্বর জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকার আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা বলে জানান তিনি। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
সরকারের বিভিন্ন পর্যায়ের এসব বক্তব্যের মধ্যে পার্থক্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, একদিকে উপদেষ্টা পাসপোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন, অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাসপোর্ট দেওয়ার বিষয়টি নাকচ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন যাচাই না হওয়ার কথা জানিয়েছেন। একই বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্যে ভিন্নতা থাকায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
পাঠকের মন্তব্য