![]()
ইবি রিপোর্ট
রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আগে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগের পর এবার প্রতিষ্ঠানটির কার্যালয়েই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় এ হামলায় আহত হয়েছেন দুই কর্মী।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সাজু আহমেদ রুবেল (২৮) ও হাবিব (২৭)।
আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রুবেলের ডান পায়ে এবং হাবিবের বাঁ হাতে গুলি লেগেছে।
আহত হাবিব গণমাধ্যমকে জানান, সন্ধ্যা সাতটার দিকে চার থেকে পাঁচজন যুবক ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রবেশ করেন। তাঁদের মধ্যে দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। অফিসে ঢুকেই একজন বলেন, ‘টাকা দিলি না কেন?’ আরেকজন বলেন, ‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না’। এসব কথা বলার পরপরই তাঁরা গুলি চালাতে শুরু করেন।
পরে প্রতিষ্ঠানের সহকর্মীরা আহত দুজনকে হাসপাতালে নিয়ে যান। প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা গণমাধ্যমকে বলেন, ১৫ থেকে ২০ দিন আগে গুজা বাদশা ও জনি নামের দুই ব্যক্তি মুঠোফোনে তাঁদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দিলে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছিলেন তাঁরা।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, গুলিতে আহত দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত হাবিবের গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব উপজেলায়। অন্যদিকে সাজু আহমেদ রুবেলের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তাঁরা দুজনই ওই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে থাকতেন।
পাঠকের মন্তব্য