![]()
ইবি রিপোর্ট
বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশোধে ব্যয় বাড়ছে, অন্যদিকে নতুন ঋণের প্রতিশ্রুতি কমছে। সরকারি ঋণের পরিমাণ ২২ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি বাজেটের বড় অংশ চলে যাচ্ছে ঋণের সুদ পরিশোধে। এমন পরিস্থিতিতে প্রচলিত বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের উৎস তৈরি এবং দেশীয় বন্ডবাজার শক্তিশালী করার কৌশল খুঁজছে বাংলাদেশ। এ লক্ষ্যে প্রথমবারের মতো আন্তর্জাতিক ঋণ সম্মেলনের আয়োজন করেছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’। ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে সম্মেলনের আয়োজন করেছে।
অর্থ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশে এটিই প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এতে দেশি-বিদেশি নীতিনির্ধারক, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও পেশাজীবীরা অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন।
সম্মেলন আয়োজনের পেছনে রয়েছে সরকারি ঋণের পরিমাণ বৃদ্ধি, ঋণ পরিশোধে বাজেটের বড় অংশ ব্যয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামা, আন্তর্জাতিক বাজারে ঋণের উচ্চ সুদ এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করার চ্যালেঞ্জ। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে বিপুল বিনিয়োগ প্রয়োজন। এ জন্য বিকল্প অর্থায়নের উৎস তৈরি ও দেশীয় পুঁজিবাজারের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
ঋণ ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছে অর্থ বিভাগ। এর মধ্যে রয়েছে মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল (এমটিডিএস) প্রণয়ন, নিয়মিত ঋণ টেকসই বিশ্লেষণ এবং সরকারি ঋণসংক্রান্ত বুলেটিন প্রকাশ। চলতি অর্থবছরে বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা প্রকাশের প্রস্তুতিও চলছে।
সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য পৃথক দপ্তর বা ডেট ম্যানেজমেন্ট অফিস (ডিএমও) প্রতিষ্ঠার বিষয়টিও সম্মেলনে আলোচনায় আসবে। বর্তমানে ঋণ গ্রহণ, পরিশোধ, ঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনার দায়িত্ব বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভক্ত। এসব কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার উপায় খুঁজবেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশের সরকারি বন্ডবাজারে যুক্ত করাও সম্মেলনের অন্যতম লক্ষ্য। স্থানীয় মুদ্রায় ইস্যু করা সরকারি সিকিউরিটিজে বিদেশি বিনিয়োগ বাড়াতে বাজারের তারল্য, লেনদেন নিষ্পত্তির অবকাঠামো, বৈদেশিক মুদ্রার বিনিময়যোগ্যতা এবং নীতিগত পূর্বানুমানযোগ্যতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
এ লক্ষ্যে আন্তর্জাতিক সিকিউরিটিজ নিষ্পত্তি প্ল্যাটফর্ম ইউরোক্লিয়ার ও ক্লিয়ারস্ট্রিমের সঙ্গে সংযোগ স্থাপনের সম্ভাবনা নিয়ে কাজ করছে বাংলাদেশ। পাশাপাশি জেপি মরগানের সরকারি বন্ড সূচক জিবিআই-ইএমে অন্তর্ভুক্তির মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের সুযোগ নিয়েও আলোচনা হবে।
প্রচলিত বৈদেশিক ঋণের বাইরে অর্থ সংগ্রহের নতুন উৎস তৈরিও সম্মেলনের আলোচ্য বিষয়। সার্বভৌম সুকুক, গ্রিন বন্ড, ব্লু বন্ড, এসডিজি-সংযুক্ত বন্ড, সার্বভৌম ইউরোবন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্সের মতো বিকল্পগুলো বিবেচনায় রয়েছে।
বিশেষ করে অবকাঠামো উন্নয়নে সরকারি ও বেসরকারি বিনিয়োগ একত্র করা এবং ঝুঁকি ভাগাভাগির পদ্ধতি নিয়ে আলোচনা হবে। ব্লেন্ডেড ফাইন্যান্সের মাধ্যমে উন্নয়ন সহযোগীদের অর্থায়নের সঙ্গে বেসরকারি বিনিয়োগ যুক্ত করে বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব। তবে এ ধরনের অর্থায়নে সরকারি গ্যারান্টি বা অন্যান্য দায়বদ্ধতা থেকে ভবিষ্যতে কী পরিমাণ আর্থিক ঝুঁকি তৈরি হতে পারে, সেটিও বিবেচনায় নিতে হবে।
সম্মেলনের প্রথম দিনে উচ্চ সুদের পরিবেশে অর্থায়ন কৌশল, স্থানীয় মুদ্রার বন্ডবাজার উন্নয়ন এবং সরকারি বিনিয়োগে বেসরকারি পুঁজি আকৃষ্ট করার বিষয়ে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনে সুকুক ও ইসলামি অর্থায়ন, আইএমএফ-বিশ্বব্যাংকের নতুন ঋণ টেকসই কাঠামো, ঋণ ব্যবস্থাপনা দপ্তর প্রতিষ্ঠা এবং বিকল্প অর্থায়ন নিয়ে আরও চারটি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঋণের পরিমাণের পাশাপাশি দেশের রপ্তানি আয়, রাজস্ব সংগ্রহ, বৈদেশিক মুদ্রার সক্ষমতা এবং পরিশোধের সামর্থ্য বিবেচনায় নিয়ে ভবিষ্যতে কতটা ঋণ নেওয়া নিরাপদ, তা নির্ধারণ করা প্রয়োজন। আইএমএফের ২০২৫ সালের আর্টিকেল ফোর পর্যালোচনার ঋণ টেকসই বিশ্লেষণে বাংলাদেশের সামগ্রিক ও বৈদেশিক ঋণসংকটের ঝুঁকি ‘মাঝারি’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
সংস্থাটি রাজস্ব আয় বৃদ্ধি, আর্থিক খাতের সংস্কার এবং সরকারি ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণে ধারাবাহিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সরকারি সিকিউরিটিজের বিনিয়োগকারীর পরিসর সীমিত এবং ব্যাংক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়টিও তুলে ধরেছে।
অর্থ বিভাগের প্রত্যাশা, আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য তৈরি, দেশীয় বন্ডবাজারের উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে সম্মেলন থেকে কার্যকর দিকনির্দেশনা পাওয়া যাবে। সোমবার (১৬ নভেম্বর) দুই দিনের এ সম্মেলন শেষ হবে।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিও ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল নেওয়ার অন্যতম কারণ। জাতিসংঘের সাধারণ পরিষদ গত ২৯ অক্টোবর বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ফলে ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর উত্তরণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
এলডিসি হিসেবে বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে তুলনামূলক সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ পেয়েছে। উত্তরণের পর এসব সুবিধার কিছু ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। দীর্ঘমেয়াদি স্বল্প সুদের ঋণের সুযোগ সীমিত হলে উন্নয়ন প্রকল্পে তুলনামূলক বেশি সুদের অর্থায়নের ওপর নির্ভরতা বাড়তে পারে।
আইএমএফের ২০২৫ সালের আর্টিকেল ফোর পর্যালোচনার ঋণ টেকসই বিশ্লেষণেও মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদি সহজ শর্তের বৈদেশিক অর্থায়নের প্রাপ্যতা কমার আশঙ্কা তুলে ধরা হয়েছে। এ কারণে অভ্যন্তরীণ বন্ডবাজারের উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি ঋণের মেয়াদ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
তবে এলডিসি উত্তরণের সঙ্গে সঙ্গে সব উন্নয়ন সহযোগীর সহজ শর্তের ঋণ বন্ধ হয়ে যাবে না। ঋণের শর্ত নির্ধারণে দেশের মাথাপিছু আয়, ঋণ পরিশোধের সক্ষমতা এবং সংশ্লিষ্ট ঋণদাতা প্রতিষ্ঠানের নীতিমালাও বিবেচনায় থাকে। তবে সহজ শর্তের অর্থায়ন কমলে একই প্রকল্পে বেশি সুদ দিতে হতে পারে। পাশাপাশি রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা হারানোর ঝুঁকি মোকাবিলায় রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রার সরবরাহ ধরে রাখাও প্রয়োজন হবে।
বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ইতোমধ্যে ২২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত ১২ জুলাই জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ঋণের সুদ পরিশোধে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ বাবদ ১ লাখ ৫ হাজার কোটি এবং বৈদেশিক ঋণের সুদ বাবদ ২২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। ফলে সুদ পরিশোধেই বাজেটের বড় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে, যা শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দের ওপর চাপ তৈরি করছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশকে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে আসল ২৯৫ কোটি এবং সুদ ১৫৪ কোটি ডলার।
অন্যদিকে, একই অর্থবছরে নতুন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে ৫২৪ কোটি ৩০ লাখ ডলার, যা ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ পুরোনো ঋণের কিস্তি পরিশোধের চাপ বাড়লেও নতুন ঋণের প্রতিশ্রুতি কমেছে। এ পরিস্থিতিতে কোন উৎস থেকে, কত সুদে এবং কত মেয়াদে ঋণ নেওয়া হবে, তা নির্ধারণ বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
পাঠকের মন্তব্য