![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
চীন অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে এগিয়ে গেলেও পিছিয়ে পড়ে ভারত। দুই দেশের অর্থনৈতিক ব্যবধান বৃদ্ধির পেছনে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভূমিকা দেখছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর মতে, রাজীবের প্রধানমন্ত্রিত্বকালে আর্থিক সংস্কারে মনোযোগ দেওয়া হলে ব্যবধান এতটা বাড়ত না।
কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সমালোচনা করেছেন জয়শঙ্কর। শনিবার দিল্লিতে এক বেসরকারি অনুষ্ঠানে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
সর্বভারতীয় ইংরেজি দৈনিক ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ অংশ নিয়ে তিনি বলেন, আশির দশক পর্যন্ত ভারত ও চীনের অর্থনৈতিক অবস্থান কাছাকাছি ছিল। দুই দেশের মানুষের মাথাপিছু আয়ও প্রায় সমান পর্যায়ে ছিল। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের হারেও বড় কোনো পার্থক্য ছিল না। পরবর্তী সময়ে চীন দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করে। সময়মতো আর্থিক সংস্কার শুরু করায় দেশটি এগিয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।
জয়শঙ্করের ভাষ্য অনুযায়ী, রাজীব গান্ধীর উচিত ছিল তখন অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দেওয়া। কিন্তু তিনি সে পথে এগোননি। এর ফলে দুই দেশের অর্থনীতির ব্যবধান অনেক বেড়ে যায় বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের দেহরক্ষীদের গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাঁর ছেলে রাজীব গান্ধী। ১৯৮৮ সালে রাজীবের চীন সফরের প্রসঙ্গও তুলে ধরেন জয়শঙ্কর।
তিনি বলেন, ষাট, সত্তর ও আশির দশকে বিশ্বজুড়ে শিল্পায়নের প্রবণতা বাড়ছিল। উন্নয়নশীল দেশগুলোও তখন শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছিল। ১৯৮৮ সালে রাজীবের চীন সফরের সময় দুই দেশের অর্থনৈতিক পরিস্থিতি কাছাকাছি ছিল। অর্থনীতির আকারেও তখন বড় কোনো পার্থক্য দেখা যায়নি। তবে এরপর থেকেই দুই দেশের মধ্যে ব্যবধান বাড়তে থাকে।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে জয়শঙ্কর বলেন, ‘ওই আশির দশকেই চীন শিল্পায়ন ও আধুনিকীকরণের দিকে প্রবলভাবে নজর দেয়। আমরা তা পারিনি। ফলে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমরা বাস মিস করেছিলাম। নব্বইয়ের দশকে এসে আমরা ভুল শোধরানোর চেষ্টা শুরু করি। কিছু সংস্কার করি। কিন্তু একের পর এক ক্ষেত্রে সেই সংস্কার আমরা করতে পারিনি। সেই গতি রাখতে পারিনি। আজ তাই দুই দেশের ফারাক এতটা বেড়ে গেছে।’
রাজীব গান্ধীর সমালোচনাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানিয়েছেন জয়শঙ্কর। তবে তাঁর বক্তব্যের সময়কাল নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। সোনিয়া গান্ধীর আত্মকথা প্রকাশের পর দেশজুড়ে বইটি নিয়ে আলোচনা চলছে। বিক্রির ক্ষেত্রেও বইটি একের পর এক রেকর্ড ভাঙছে। এমন পরিস্থিতিতে জয়শঙ্করের মন্তব্য জনমত অন্যদিকে সরানোর চেষ্টা কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।
অন্যদিকে, চীনের অর্থনৈতিক সংস্কার শুরুর সময় নিয়েও বিতর্ক রয়েছে। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার ছয় বছর আগেই, ১৯৭৮ সালে চীনে সংস্কার শুরু হয়েছিল। তৎকালীন কমিউনিস্ট পার্টির নেতা দেং জিয়াও পিং বাজার অর্থনীতির প্রবর্তন করেন। তাঁর উদ্যোগে বিদেশি পুঁজি ও প্রযুক্তির জন্য দেশের শিল্প ও ব্যবসার দুয়ার খুলে দেওয়া হয়।
বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রসঙ্গে দেং বলেছিলেন, ‘বিড়াল কালো না সাদা তা বিচার্য নয়, দেখতে হবে সে ইঁদুর মারতে পারছে কি না।’ রাজীব গান্ধীর চীন সফরের দশ বছর আগেই এই পরিবর্তনের সূচনা হয়েছিল।
১৯৭৮ সালে চীনে সংস্কার শুরুর সময় ভারতের ক্ষমতায় ছিল জনতা পার্টি। তখন প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তাঁর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ী। ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে বাজপেয়ী চীন সফর করেন। ১৯৬২ সালের যুদ্ধের পর কূটনৈতিক শীতলতা কাটানোর সেটিই ছিল প্রথম উদ্যোগ।
দেংয়ের নেতৃত্বে চীনের অর্থনৈতিক পরিবর্তন বাজপেয়ীর অজানা ছিল না। চীন সফরে গিয়ে তিনি এসব পরিবর্তন প্রত্যক্ষ করেছিলেন। পরে ইন্দিরা গান্ধী আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এসব বিষয় সামনে রেখে রাজীব গান্ধীকে এককভাবে দায়ী করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে জয়শঙ্কর তাঁর বক্তব্যে রাজনৈতিক ব্যাখ্যা না খোঁজার আহ্বান জানিয়েছেন।