![]()
ইবি রিপোর্ট
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে সরকার। প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ের এ উদ্যোগের আওতায় চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য নিজস্ব সার্ভার অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি উদ্ধার কার্যক্রম, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারে নতুন সক্ষমতা তৈরি হবে। ২০২৮ সালের মধ্যে এ সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। বিশাল এই জলসীমায় রয়েছে বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা। তবে বিস্তৃত সমুদ্র এলাকায় নৌযানের চলাচল নিয়মিত পর্যবেক্ষণ করা এখনো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে উপকূল থেকে অনেক দূরে মাছ ধরতে যাওয়া নৌযানগুলো মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে গেলে সেগুলোর অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এ সীমাবদ্ধতা কাটাতেই স্যাটেলাইটভিত্তিক অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিএসসিএলের পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবিত ব্যবস্থায় চারটি এলইও স্যাটেলাইটের পাশাপাশি দুটি গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হবে। সংগৃহীত তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য দেশের ভেতরেই তৈরি করা হবে সার্ভার অবকাঠামো। এর ফলে সামুদ্রিক নৌযানের অবস্থান ও চলাচলসংক্রান্ত তথ্য নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থাপনায় সংরক্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে এ ধরনের তথ্য ব্যবস্থাপনায় বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরতা কমবে।
এ ব্যবস্থার অন্যতম লক্ষ্য পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করা। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকা একবার পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবার সেই এলাকার তথ্য সংগ্রহের সুযোগ তৈরি হবে। এতে কোন এলাকায় কতটি নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার তৎপরতা বেশি এবং কোনো নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা সহজ হবে।
বর্তমানে মহাকাশে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ রয়েছে। তবে এটি মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেওয়ার জন্য তৈরি। নতুন উদ্যোগের উদ্দেশ্য আলাদা। এর মাধ্যমে সমুদ্রের নৌযান শনাক্তকরণ ও গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
গভীর সমুদ্রে মাছ ধরার সময় প্রাকৃতিক দুর্যোগ, উত্তাল ঢেউ কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই নৌযান বিপদের মুখে পড়ে। উপকূল থেকে দূরবর্তী এলাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটলে উদ্ধারকারী সংস্থাগুলোর জন্য নৌযানটির সঠিক অবস্থান নির্ণয় করা কঠিন হয়ে যায়। অনেক সময় নিখোঁজ নৌযান খুঁজতে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাতে হয়।
প্রস্তাবিত এআইএস স্যাটেলাইট ব্যবস্থা চালু হলে এ সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ সহায়তা পাওয়া যাবে। এআইএস সুবিধাসম্পন্ন নৌযানের অবস্থান ও গতিবিধি উপকূল থেকে দূরে থাকলেও পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে কোনো নৌযান বিপদে পড়লে তার অবস্থান শনাক্ত করে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় তথ্য দেওয়া সহজ হবে।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমানের মতে, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এ সম্পদের সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। তাঁর ভাষ্য, প্রস্তাবিত ব্যবস্থা চালু হলে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান নিয়মিত পর্যবেক্ষণ করা যাবে। এতে দুর্ঘটনা বা দুর্যোগের সময় দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনায় সহায়তা পাওয়া সম্ভব হবে।
জেলেদের নিরাপত্তার পাশাপাশি নৌযানের চলাচল ব্যবস্থাপনায়ও এ প্রযুক্তি ভূমিকা রাখতে পারে। নৌযানের গতিবিধি ও যাত্রাপথের তথ্য বিশ্লেষণ করে আরও পরিকল্পিতভাবে চলাচলের পথ নির্ধারণ করা সম্ভব হবে। এতে অপ্রয়োজনীয় যাতায়াত কমার পাশাপাশি জ্বালানি খরচও সাশ্রয় হতে পারে।
বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করা গেলে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার পর্যন্ত জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। তবে এ সাশ্রয় নির্ভর করবে নৌযানের চলাচল পরিকল্পনা ও প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর।
স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামুদ্রিক মৎস্য আহরণসংক্রান্ত তথ্যভান্ডার তৈরি। কোন এলাকায় কতটি নৌযান মাছ ধরছে, কখন তারা সমুদ্রে যাচ্ছে এবং কখন উপকূলে ফিরছে—এসব তথ্য দীর্ঘমেয়াদে সংরক্ষণ ও বিশ্লেষণ করা সম্ভব হবে। এর ভিত্তিতে বিভিন্ন এলাকায় মাছ ধরার প্রবণতা এবং মৎস্য আহরণের পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
বিশেষ করে কোনো নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত মাছ আহরণের প্রবণতা তৈরি হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করে মৎস্যসম্পদের সুরক্ষায় পরিকল্পনা নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা নিয়ন্ত্রণ, সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা গড়ে তুলতেও এসব তথ্য সহায়ক হতে পারে।
তবে এআইএস প্রযুক্তি সরাসরি সমুদ্রে মাছের অবস্থান শনাক্ত করে না। এর মূল কাজ নৌযানের পরিচয় ও গতিবিধি পর্যবেক্ষণ করা। সমুদ্রের কোন এলাকায় মাছের উপস্থিতি বেশি, তা জানতে পানির তাপমাত্রা, পানির রং, ক্লোরোফিলের মাত্রা, প্ল্যাঙ্কটনের উপস্থিতি ও সমুদ্রস্রোতের মতো বিষয় বিশ্লেষণ করতে হয়। এ ক্ষেত্রে স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পাশাপাশি সোনার ও ইকো-সাউন্ডারের মতো প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন হয়।
অর্থাৎ, এআইএস নৌযানের অবস্থান সম্পর্কে তথ্য দেবে, আর সামুদ্রিক ও পরিবেশগত তথ্য বিশ্লেষণ করে মাছের সম্ভাব্য অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ভবিষ্যতে এসব তথ্য সমন্বিতভাবে কাজে লাগানো গেলে বঙ্গোপসাগরে মৎস্য আহরণ আরও পরিকল্পিত ও তথ্যনির্ভর করার সুযোগ তৈরি হবে।
বিএসসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ বর্তমানে চলমান। কারিগরি নকশা প্রণয়ন, অর্থায়ন নিশ্চিত করা, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সালের মধ্যে স্যাটেলাইটভিত্তিক নজরদারি সেবা চালু করা সম্ভব হবে।
ড. মুহাম্মদ ইমাদুর রহমানের মতে, এ উদ্যোগ কেবল একটি প্রযুক্তিগত প্রকল্প নয়; বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির বিকাশ, জেলেদের নিরাপত্তা এবং সমুদ্রসীমার সুরক্ষার সঙ্গেও এটি সম্পর্কিত। তাঁর ভাষ্য, দেশের সামুদ্রিক সম্পদ ও নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিজস্ব স্যাটেলাইট ও সার্ভার অবকাঠামোর মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনার সক্ষমতা তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সব মিলিয়ে প্রস্তাবিত স্যাটেলাইট ব্যবস্থা বঙ্গোপসাগরে নিরাপত্তা ও সম্পদ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে প্রকল্পটির সুফল নির্ভর করবে যথাসময়ে অবকাঠামো নির্মাণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী ও মৎস্য ব্যবস্থাপনা সংস্থাগুলোর সঙ্গে তথ্যের সমন্বয়ের ওপর। শেষ পর্যন্ত এই প্রযুক্তির সবচেয়ে বড় সাফল্য হবে গভীর সমুদ্রে বিপদে পড়া কোনো জেলেনৌকার অবস্থান দ্রুত শনাক্ত করা এবং সময়মতো উদ্ধার নিশ্চিত করতে পারা।
পাঠকের মন্তব্য