![]()
ইবি রিপোর্ট
দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সিলেটের অবস্থান বেশ শক্তিশালী হলেও আর্থিক সেবায় পিছিয়ে রয়েছে বিভাগটি। দারিদ্র্যের হার, পারিবারিক ব্যয় এবং প্রবাসী আয়ের মতো সূচকে এগিয়ে সিলেট। অথচ ব্যাংকিং ও অন্যান্য আনুষ্ঠানিক আর্থিক সেবায় অংশগ্রহণের ক্ষেত্রে পিছিয়ে এখানকার মানুষ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন বৈপরীত্যের চিত্র। প্রতিবেদন অনুযায়ী, সিলেটের ৪৫ শতাংশের বেশি মানুষ আর্থিক অন্তর্ভুক্তির বাইরে রয়েছেন। জাতীয় পর্যায়ে একই হার প্রায় ৩৫ শতাংশ। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন রিপোর্ট বাংলাদেশ, ২০২৫’-এ উঠে এসেছে এসব তথ্য।
অর্থনীতিবিদদের মতে, সামাজিক ও কাঠামোগত নানা প্রতিবন্ধকতা এই পরিস্থিতির পেছনে কাজ করছে। সিলেট অঞ্চলে দীর্ঘদিন ধরেই প্রবাসী আয়ের প্রবাহ বেশ শক্তিশালী। তবে সেই আয়ের বিপরীতে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবা ব্যবহারে মানুষের আগ্রহ তুলনামূলক কম। সঞ্চয় এবং বিভিন্ন আর্থিক পণ্যের ব্যবহারেও রয়েছে সচেতনতার ঘাটতি। পাশাপাশি আর্থিক সাক্ষরতার অভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক সেবার বিস্তার সীমিত। ফলে বিভাগের অনেক মানুষ এখনো প্রয়োজনীয় আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ ২০২৩ সালে খানাভিত্তিক আয়-ব্যয়ের প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে দারিদ্র্যের হারের ভিত্তিতে সিলেটের অবস্থান দেশের চতুর্থ স্থানে রয়েছে। বিভাগটিতে দারিদ্র্যের হার ১৭ দশমিক ৪ শতাংশ। সবচেয়ে কম দারিদ্র্যপীড়িত অঞ্চল খুলনা বিভাগে এই হার ১৪ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে বরিশাল ও রংপুরে দারিদ্র্যের হার তুলনামূলক বেশি। বিভাগ দুটিতে এই হার যথাক্রমে ২৬ দশমিক ৯ ও ২৪ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ সর্বোচ্চ দারিদ্র্যপীড়িত অঞ্চলের তুলনায় সিলেটে দরিদ্র মানুষের হার প্রায় ১০ শতাংশ কম।
পারিবারিক ভোগব্যয়ের হিসাবেও সিলেট দেশের তুলনামূলক এগিয়ে থাকা অঞ্চলগুলোর একটি। বিবিএসের একই প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। পরিবারপ্রতি মাসিক ব্যয়ের তালিকায় ঢাকা ও চট্টগ্রামের পরেই রয়েছে সিলেট। বিভাগটিতে একটি পরিবারের গড় মাসিক ব্যয় প্রায় ৩০ হাজার ৫০০ টাকা। বিপরীতে সবচেয়ে কম ব্যয়ের অঞ্চল রংপুরে এই পরিমাণ ২১ হাজার ৬৬৭ টাকা। প্রবাসী আয় গ্রহণের ক্ষেত্রেও সিলেট দেশের তৃতীয় বৃহত্তম অবস্থানে রয়েছে।
তবে অর্থনৈতিক বিভিন্ন সূচকে এগিয়ে থাকলেও আনুষ্ঠানিক আর্থিক সেবায় সিলেটের অংশগ্রহণ অনেক কম। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আর্থিক অন্তর্ভুক্তিতে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। সেখানে ৬৭ দশমিক ৭ শতাংশ মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। চট্টগ্রাম বিভাগে এই হার ৬৭ শতাংশ। বিপরীতে সিলেটে আর্থিক অন্তর্ভুক্তির হার মাত্র ৫৪ দশমিক ৯ শতাংশ। জাতীয় পর্যায়ে প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ আনুষ্ঠানিক অর্থনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।
আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বণিক বার্তাকে বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে স্কুল ব্যাংকিং, নো-ফ্রিল অ্যাকাউন্ট (এনএফএ) অর্থাৎ বিনামূল্যে বা স্বল্প খরচে হিসাব খোলার সুযোগ এবং এজেন্ট ব্যাংকিংয়ের মতো সেবাগুলো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়া হচ্ছে। সিলেটের মতো পিছিয়ে থাকা অঞ্চলে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং আর্থিক সাক্ষরতা কর্মসূচি সম্প্রসারণ করার ওপরও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।’
কেন্দ্রীয় ব্যাংকের বাংলা কিউআর উদ্যোগ পরিস্থিতির আরো উন্নতি ঘটাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অর্থনীতিবিদ ও আর্থিক খাতসংশ্লিষ্টদের মতে, শুধু ব্যাংক হিসাবের সংখ্যা বাড়িয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। এসব হিসাবের নিয়মিত ব্যবহার এবং সেবার মান নিশ্চিত করাও প্রয়োজন। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য আর্থিক লেনদেন সহজ করতে হবে। একই সঙ্গে ব্যাংকিং সেবাকে আরো অন্তর্ভুক্তিমূলক করার ওপর জোর দিয়েছেন তাঁরা। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং এসডিজির লক্ষ্য বাস্তবায়নে সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। এজন্য পিছিয়ে থাকা অঞ্চলগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি আর্থিক সচেতনতা বাড়ানোর মাধ্যমে আঞ্চলিক বৈষম্য কমিয়ে আনতে হবে। দেশের প্রতিটি অঞ্চলের মানুষের কাছে আনুষ্ঠানিক আর্থিক সেবা পৌঁছানোই হওয়া উচিত এই উদ্যোগের লক্ষ্য।
পাঠকের মন্তব্য