![]()
ইবি রিপোর্ট
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচি ও অর্থায়ন কাঠামো নিয়ে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় সরকার। ঋণের পরিমাণ, শর্ত এবং অর্থনৈতিক সংস্কারের ধরন নিয়ে দুই পক্ষের আলোচনা চলছে। এ বিষয়ে কারিগরি পর্যায়ে কাজ করছে দুটি ওয়ার্কিং গ্রুপ। সরকারের লক্ষ্য, দেশের অর্থনৈতিক অগ্রাধিকার ও পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অর্থায়ন এবং সংস্কার কার্যক্রমের সমন্বয় করা।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে নতুন ঋণ কাঠামো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। দুই পক্ষের দুটি ওয়ার্কিং গ্রুপ এ বিষয়ে কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে আলোচনা শেষ করে জানুয়ারি-ফেব্রুয়ারিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছে সরকার।
তিনি বলেন, “সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার ও পাঁচ বছর মেয়াদি উন্নয়ন কর্মসূচির সঙ্গে আইএমএফসহ অন্যান্য উন্নয়ন সহযোগীর অর্থায়ন ও সংস্কার কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করাই মূল লক্ষ্য।”
আগের ঋণ কর্মসূচির শর্ত নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, “আইএমএফের শর্তের কারণে আমরা পিছিয়ে গেছি, বিষয়টি এমন নয়। ফ্যাসিস্ট রেজিমের সময়ে আইএমএফের সঙ্গে এই ঋণ কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো একটি নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। অনেক বিষয়ে ধারাবাহিকতা ও সুনির্দিষ্ট ক্রম (সিকোয়েন্সিং) বজায় রেখে সংস্কার করতে হবে। এ জন্য সময়ের প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমি যদি রাতারাতি এসব সংস্কার করতে চাই, তাহলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, যার ভোগান্তি জনগণকে পোহাতে হবে। এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়বেন। অনির্বাচিত সরকারের তো জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না। তারা যেভাবে চেয়েছে, সেভাবেই চলতে চেয়েছে।”
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে আমীর খসরু বলেন, দেশের অর্থনৈতিক কাঠামো ও পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সব উন্নয়ন সহযোগীর কার্যক্রমের সামঞ্জস্য থাকা প্রয়োজন। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাইকা এবং অন্যান্য সংস্থা সরকারের পরিকল্পনার সঙ্গে নিজেদের কর্মসূচি সমন্বয় করছে। আইএমএফও এ প্রক্রিয়ায় যুক্ত রয়েছে।
আইএমএফের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য থাকার কথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, সেগুলো সমাধানে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। জানুয়ারির মধ্যে আলোচনা শেষ হওয়ার আশা রয়েছে। তবে আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার কোনো বিষয় আলোচনায় নেই। সব উন্নয়ন সহযোগীর কর্মসূচির মধ্যে সমন্বয় নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
বাংলাদেশ ২০২৩ সালের জানুয়ারিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তি করে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে কর্মসূচির পরিমাণ বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়।
এ কর্মসূচির আওতায় বাংলাদেশ পাঁচ কিস্তিতে প্রায় ৩৮০ কোটি ডলার পেয়েছে। তবে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে জটিলতা তৈরি হয়। গত বছরের নভেম্বরে আইএমএফের সঙ্গে আলোচনা স্থগিত হয়ে যায়। পরে নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
চলতি বছরের মে মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকার বিদ্যমান ঋণ কর্মসূচির শর্ত ও সংস্কার কার্যক্রম পুনর্বিবেচনার উদ্যোগ নেয়। সরকারের মতে, আগের কর্মসূচির কিছু শর্ত বর্তমান অর্থনৈতিক অগ্রাধিকার ও নীতিগত অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
এর ধারাবাহিকতায় ৩ জুন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইএমএফের কাছে নতুন ঋণ কর্মসূচির আবেদন করে। সংস্থাটির বাংলাদেশ মিশনপ্রধান আইভো ক্রজনার তখন জানান, নতুন অর্থায়ন কর্মসূচির অনুরোধ পেয়েছে আইএমএফ। বাংলাদেশের বৈদেশিক লেনদেনের প্রয়োজন, অর্থনৈতিক পরিস্থিতি এবং বিশ্বাসযোগ্য সংস্কার পরিকল্পনা বিবেচনায় নিয়ে নতুন ঋণ কাঠামো পর্যালোচনা করা হবে।
নতুন ঋণ কর্মসূচির আকার ৪৫০ কোটি থেকে ৫০০ কোটি ডলার হতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে এর আগে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে ঋণের পরিমাণ, মেয়াদ ও শর্ত নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
গত জুলাইয়ে আইএমএফের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। এ সময় নতুন ঋণ কর্মসূচির কাঠামো এবং সংস্কারের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সংস্কার কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রস্তাব দেয়। দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের স্বার্থ বিবেচনায় সংস্কার করতে চায় সরকার। আইএমএফও ধাপে ধাপে সংস্কার বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছিল।
নতুন কর্মসূচিতে রাজস্ব আয় বাড়ানো, ব্যাংক খাতের সংস্কার, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং ভর্তুকি ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
গত ১৫ অক্টোবর আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক সোনালি জৈন-চন্দ্র জানান, বাংলাদেশের রাজস্ব-জিডিপি অনুপাত প্রায় ৭ শতাংশে নেমে এসেছে, যা বিশ্বের অন্যতম নিম্ন পর্যায়ে। এ পরিস্থিতিতে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি আর্থিক খাতের দুর্বলতা দূর করতে সংস্কার প্রয়োজন।
অক্টোবরে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার সময়ও নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সেখানে বিনিময় হার ব্যবস্থাপনা, ব্যাংক খাতের সংস্কার, বিদ্যুৎ ও সারে ভর্তুকি কমানো এবং রাজস্ব আয় বাড়ানোর বিষয়গুলো উঠে আসে।
সরকারের নতুন অর্থায়ন পরিকল্পনা কেবল আইএমএফের ঋণের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বব্যাংক, এডিবি, ইসলামী উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে অর্থায়ন পাওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বন্ডবাজার থেকে অর্থ সংগ্রহ এবং দ্বিপক্ষীয় অর্থায়নের বিকল্প নিয়েও কাজ চলছে।
গত ১১ ও ১২ নভেম্বর অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে সমন্বিত অর্থায়ন কাঠামো তৈরির এ উদ্যোগের কথা জানিয়েছিলেন।
বৈদেশিক ঋণ পরিশোধের চাপ, সুদ ব্যয় বৃদ্ধি এবং রাজস্ব আয়ের সীমাবদ্ধতার মধ্যে নতুন অর্থায়ন কাঠামো নিয়ে সরকারের আলোচনা চলছে। এ পরিস্থিতিতে কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনা, ঋণের ঝুঁকি কমানো, আন্তর্জাতিক বন্ডবাজার থেকে অর্থ সংগ্রহ এবং বিকল্প অর্থায়নের উৎস অনুসন্ধানের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
অর্থ বিভাগ ও এডিবি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
পাঠকের মন্তব্য