![]()
ইবি রিপোর্ট
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানির হিসাবে বড় ব্যবধান দেখা গেছে। ২০২৪-২০২৫ অর্থবছরে সার্কভুক্ত চার দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হয়েছে। এসব দেশের মধ্যে ভারতের সঙ্গে ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি। জাতীয় সংসদে দেওয়া এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী জানতে চান, সোনা মসজিদ স্থলবন্দরসহ দেশের প্রধান স্থলবন্দরগুলোর মাধ্যমে ভারত ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিমুখী বাণিজ্য সম্প্রসারণ এবং রপ্তানির ক্ষেত্রে শুল্ক বাধা দূর করতে মন্ত্রণালয়ের সাম্প্রতিক কোনো দ্বিপাক্ষিক উদ্যোগ রয়েছে কি না।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানো এবং রপ্তানির ক্ষেত্রে শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পণ্যের মান ও পরীক্ষণ সনদের পারস্পরিক স্বীকৃতি, কাস্টমস সহযোগিতা বৃদ্ধি, সীমান্ত অবকাঠামোর উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ এবং উদ্ভূত সমস্যার দ্রুত সমাধানে কাজ চলছে।
তিনি জানান, এসব বিষয়ে বাণিজ্য সচিব পর্যায়ের সভা এবং যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ৮ ও ৯ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে বাণিজ্য সম্পর্কিত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরে বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭২ সালে। ভারতের বাজারে তামাক ও মদজাতীয় ১৫টি পণ্য ছাড়া অন্য সব পণ্যের ক্ষেত্রে সংশোধন ও পরিমার্জনের পর ২০১৫ সালে চুক্তিটি নবায়ন করা হয়। এ ছাড়া এসএএফটিএ ও এপিটিএর সদস্য দেশগুলো শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশ সুবিধা পাচ্ছে।
বাণিজ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ১ হাজার ৭৬৪ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে আমদানি হয়েছে ৯ হাজার ৬২৪ দশমিক ১০ মিলিয়ন ডলারের পণ্য। এতে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৯ দশমিক ৮৭ মিলিয়ন ডলার।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রপ্তানি হয়েছে ৭৪ মিলিয়ন ডলারের পণ্য। অন্যদিকে আমদানির পরিমাণ ৭৫৫ দশমিক ৩০ মিলিয়ন ডলার। ফলে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৬৮১ দশমিক ৩ মিলিয়ন ডলার।
আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের রপ্তানি ১১ দশমিক ৯ মিলিয়ন ডলার এবং আমদানি ২১ দশমিক ৮০ মিলিয়ন ডলার। এতে বাণিজ্য ঘাটতি রয়েছে ১০ দশমিক ৭১ মিলিয়ন ডলার। ভুটানের সঙ্গে রপ্তানি হয়েছে ১৪ দশমিক ৩৩ মিলিয়ন ডলারের পণ্য। বিপরীতে আমদানি হয়েছে ৪৪ দশমিক ১০ মিলিয়ন ডলারের পণ্য। ফলে দেশটির সঙ্গে ঘাটতি ২৯ দশমিক ৭৭ মিলিয়ন ডলার।
তবে কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। নেপালের সঙ্গে রপ্তানি ৩৫ দশমিক ৪০ মিলিয়ন ডলার এবং আমদানি ৫ দশমিক ৫০ মিলিয়ন ডলার। এতে বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯০ মিলিয়ন ডলার।
শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের রপ্তানি ৮২ দশমিক ৮৫ মিলিয়ন ডলার এবং আমদানি ৭৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার। দেশটির সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত ৬ দশমিক ২৫ মিলিয়ন ডলার। অন্যদিকে মালদ্বীপের সঙ্গে রপ্তানি ৬ দশমিক ৩৫ মিলিয়ন ডলার এবং আমদানি ৩ দশমিক ৫০ মিলিয়ন ডলার। এতে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে ২ দশমিক ৮৫ মিলিয়ন ডলার।
পাঠকের মন্তব্য