
ইবি রিপোর্ট
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শেষ আটের ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ মুখোমুখি হবে মালয়েশিয়ার। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মালয়েশিয়া।
নিশিনে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল ওমানের। তবে টানা বৃষ্টির কারণে ম্যাচে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু করা না গেলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়।
এই এক পয়েন্ট পাওয়ার পর দুই ম্যাচে মোট তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মালয়েশিয়া। অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে হংকং। এক পয়েন্ট পাওয়া ওমানকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে।
গ্রুপ রানার্সআপ হংকং কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তানের। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে নেপাল ও আফগানিস্তান। এই গ্রুপে নেপাল ও জাপানের মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে স্বাগতিক জাপানকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে।
‘এ’ গ্রুপের শীর্ষ দল নেপালের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। একই পর্বে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল।
আগামী সোমবার থেকে এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হবে। বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও হংকং। একই দিন বেলা ১১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত।
বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে মঙ্গলবার বেলা ১১টায়। একই দিনে সকাল ৬টায় প্রথম কোয়ার্টার ফাইনালে নেপাল ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে মুখোমুখি হওয়ার ঘটনা রয়েছে একটিই। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
সাম্প্রতিক সময়েও বাংলাদেশ ও মালয়েশিয়ার ক্রিকেটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। মালয়েশিয়া দল সম্প্রতি বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের সঙ্গে সিরিজ খেলেছে। এবার এশিয়ান গেমসের শেষ আটে জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে তারা।
ফলে ২০২৩ সালের এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের স্মৃতি সামনে রেখে আবারও মালয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। শেষ আটের এই লড়াইয়ে জয়ী দল সেমিফাইনালে জায়গা করে নেবে।
পাঠকের মন্তব্য