![]()
ই-বাংলাদেশ ডেস্ক
গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত শিবিরকর্মী সালাউদ্দিন (২৬) মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ৪৯ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৮ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
নিহত সালাউদ্দিন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি সহকারী অধ্যাপক এনামুল হক সরকার এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা সালাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সম্প্রতি স্থানীয়ভাবে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় উপজেলা চত্বরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়ার কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয় এবং সংশ্লিষ্টরা উপজেলা চত্বর থেকে চলে যান।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার কয়েক মিনিট পর বোনারপাড়া-সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথা এলাকায় অবস্থান করছিলেন বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবিরকর্মী সালাউদ্দিন।
এ সময় বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া, তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, মোনারুলসহ ১০ থেকে ১৩ জনের একটি দল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সালাউদ্দিনের গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। একই ঘটনায় শিবির নেতা সাইফুল্লাহও গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় সালাউদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। পরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা চলছিল। সেখানে দীর্ঘ ৪৯ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।
সালাউদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি সহকারী অধ্যাপক এনামুল হক সরকার বলেন, দীর্ঘ ৪৯ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে সালাউদ্দিন মারা গেছেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনেরা শোকাহত।
স্থানীয় পর্যায়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ কীভাবে হামলা ও প্রাণহানির ঘটনায় গড়াল, তা নিয়ে এলাকায় আলোচনা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মন্তব্য