![]()
ইবি রিপোর্ট
দেশে সাপের কামড়ে মৃত্যু কমানো এবং স্থানীয় প্রজাতির বিষধর সাপের জন্য কার্যকর অ্যান্টিভেনম তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারকে পূর্ণাঙ্গ জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রে উন্নীত করা হবে।
‘স্ট্রেংদেনিং অব ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি,বি)’ নামের প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, এতে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯৯ লাখ টাকা। পুরো অর্থই দেবে সরকার।
প্রকল্পের লক্ষ্য ২০২৯ সালের মধ্যে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিসমৃদ্ধ একটি জাতীয় ভেনম গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা। সেখানে আন্তর্জাতিক মান অনুসরণ করে সাপ পালন, বিষ সংগ্রহ, বিষের উপাদান বিশ্লেষণ এবং বিষবিদ্যা নিয়ে গবেষণা করা হবে। পাশাপাশি নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী অ্যান্টিভেনম তৈরির উপযোগী পরীক্ষাগার গড়ে তোলা হবে।
এ ছাড়া সাপের কামড় ও বিষক্রিয়ার চিকিৎসায় ক্লিনিক্যাল নির্দেশিকা তৈরি, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং রোগভিত্তিক তথ্যভান্ডার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে সাপের কামড়ের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং মৃত্যুর হার কমানোর চেষ্টা করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের ২০২২ সালের দেশব্যাপী জরিপের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর আনুমানিক চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন। তাঁদের মধ্যে প্রায় ৭ হাজার ৫০০ জনের মৃত্যু হয়। আক্রান্তদের বড় অংশের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তাঁরা কর্মক্ষম হওয়ায় সাপের কামড়ে মৃত্যু অনেক পরিবারের জীবিকা ও আর্থিক অবস্থায় প্রভাব ফেলে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাপের কামড়ে বিষক্রিয়াকে বিশ্বের সবচেয়ে অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগগুলোর একটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশে এ সমস্যার চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনমের কার্যকারিতা নিয়েও সীমাবদ্ধতা রয়েছে।
ডিপিপিতে বলা হয়েছে, দেশে বর্তমানে ব্যবহৃত অ্যান্টিভেনম ভারত থেকে আমদানি করা হয়। এটি মূলত ভারতের প্রধান চারটি বিষধর সাপের প্রজাতির বিষের বিরুদ্ধে তৈরি, যা ‘বিগ ফোর’ নামে পরিচিত। কিন্তু বাংলাদেশের বিষধর সাপের প্রজাতি ও বিষের বৈশিষ্ট্যের সঙ্গে এর পুরোপুরি মিল নেই। ফলে দেশের বিভিন্ন প্রজাতির সাপের কামড়ে এই অ্যান্টিভেনমের কার্যকারিতা আনুমানিক ৪০ থেকে ৬০ শতাংশ।
এ কারণে স্থানীয় প্রজাতির সাপের বিষের বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে দেশেই অ্যান্টিভেনম তৈরির প্রয়োজন দেখা দিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টারকে এ উদ্যোগের মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
বাসসের সঙ্গে আলাপকালে কেন্দ্রটির প্রধান গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ জানান, দেশীয় অ্যান্টিভেনম তৈরির লক্ষ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ২০১৭-১৮ অর্থবছরে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। তবে ২০২৪ সালে ওই কর্মসূচি ও এর পরিচালন পরিকল্পনা বন্ধ হয়ে গেলে কেন্দ্রটির কার্যক্রম চালু রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদনের ফলে কেন্দ্রটির গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি। প্রকল্প পরিচালক নিয়োগের পর শিগগিরই কাজ শুরু হবে বলেও জানান এই গবেষক।
বর্তমানে কেন্দ্রটিতে প্রায় ৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে সর্পশালা, ইঁদুর প্রজনন কক্ষ, সাপের চিকিৎসাকেন্দ্র, কোয়ারেন্টাইন কক্ষ ও গবেষণাগার রয়েছে। বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক অঞ্চল থেকে সংগৃহীত ৩৭০টির বেশি সাপের নমুনাও সেখানে সংরক্ষিত আছে। এসব নমুনার মধ্যে গোখরা, কিং কোবরা, কালাচ বা ক্রেইট, চন্দ্রবোড়া ও সবুজ পিট ভাইপার রয়েছে।
কেন্দ্রটিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বন্দি অবস্থায় থাকা ১১ প্রজাতির সাপ থেকে এ পর্যন্ত ১ হাজার ৫০৪ দশমিক ৭৮ গ্রাম বিষ সংগ্রহ করা হয়েছে। চন্দ্রবোড়ার বিষের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরির ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে। তবে পর্যাপ্ত অর্থের অভাবে উদ্যোগটি এখনো সম্পন্ন করা যায়নি।
প্রকল্পের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজকে কৌশলগতভাবে উপযোগী স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের ভৌগোলিক ও পরিবেশগত বৈচিত্র্য, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি এবং উপকূলীয় ও বনাঞ্চল এলাকায় সাপের কামড়ের ঝুঁকি রয়েছে। ভারত ও মিয়ানমারের কাছাকাছি অবস্থান এবং বিভিন্ন প্রজাতির বিষধর সাপের উপস্থিতিও এ অঞ্চলে গবেষণার সুযোগ তৈরি করেছে।
প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোটিন ল্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে গবেষণা, পরীক্ষাগারের সক্ষমতা, পশুচিকিৎসা সহায়তা, প্রশিক্ষণ এবং প্রযুক্তি বিনিময়ের সুযোগ বাড়ানো হবে।
পাঠকের মন্তব্য