![]()
ইবি রিপোর্ট
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। মামলার নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হয়।
আবেদনে বাদীপক্ষ উল্লেখ করেছে, মামলার বিষয়ে অবগত থাকার পরও নির্ধারিত দিনে আদালতে উপস্থিত হননি তানজিন তিশা। এ ছাড়া মামলা করার পরও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাদীকে নিয়ে কটূক্তি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এসব কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রয়োজন বলে আবেদনে দাবি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, মামলার বিষয়ে আদালত থেকে নোটিশ গ্রহণ করেছিলেন তানজিন তিশার পক্ষ। এরপরও নির্ধারিত দিনে তিনি আদালতে হাজির হননি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করা হয়েছে।
তবে সোমবার বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আবেদনটির শুনানি হয়নি। আগামী ১৪ ডিসেম্বর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। এদিন বাদী সানায়া চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
এই বিরোধের সূত্রপাত আগের একটি প্রতারণার মামলাকে কেন্দ্র করে। গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছিলেন সানায়া চৌধুরী। তার অভিযোগ ছিল, একটি অনুষ্ঠানে পরার জন্য তার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু পরে সেটি আর ফেরত দেওয়া হয়নি।
ওই মামলার তদন্ত শেষে গত ২৫ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
পিবিআইয়ের এই প্রতিবেদনের বিরোধিতা করে আদালতে নারাজি আবেদন করেন সানায়া। গত ২৫ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার আবেদন গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটি নতুন করে তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
এর পরদিন, ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে পৃথক মামলা করেন সানায়া চৌধুরী। তার অভিযোগ, আগের মামলার পর বিভিন্ন সময়ে তানজিন তিশা তাকে মামলা তুলে নিতে চাপ ও হুমকি দিয়েছেন। এমনকি পল্লবীতে তার বাসায় লোক পাঠিয়েও ভয়ভীতি দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি।
সানায়ার ভাষ্য, এসব ঘটনার কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ অভিযোগ গ্রহণ করেনি বলে দাবি করেন তিনি। পরে আদালতের দ্বারস্থ হন।
দুটি মামলার ঘটনাপ্রবাহ এখন আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। আগের প্রতারণার মামলায় নতুন তদন্তের নির্দেশ এবং হুমকির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন—দুই বিষয়েই পরবর্তী আইনি পদক্ষেপের দিকে নজর থাকবে। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।
পাঠকের মন্তব্য