![]()
ইবি রিপোর্ট
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন বাড়ানোর পরপরই বাড়িভাড়া বৃদ্ধি করলে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শ্রমিকদের মজুরি বাড়লেও সেই সুযোগে বাড়িভাড়া বাড়িয়ে তাদের নতুন করে আর্থিক চাপে ফেলা যাবে না বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে দেশের সব পোশাকশিল্প অধ্যুষিত এলাকার বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সাভার পৌরসভার হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, জেলা প্রশাসক ফরিদা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সাভার মডেল থানার ওসি সাইফুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতা, পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতারা। তবে প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ছাড়া অন্য কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
বাড়ির মালিকদের উদ্দেশে মীর শাহে আলম বলেন, সাধারণত প্রতি পাঁচ বছর পর শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করা হয়। কিন্তু এবার অন্তর্বর্তী সরকারের নির্ধারিত নিয়ম অনুসারে তিন বছরের মাথায় নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে।
তিনি বলেন, শ্রমিকদের দাবি এবং মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে সমন্বয় করে মজুরি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে শ্রমিকদের বেতন বাড়বে, এটি নিশ্চিত। এ পরিস্থিতিতে বেতন বৃদ্ধির সঙ্গে বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, কেউ বেতন বৃদ্ধির সময় বাড়িভাড়া বাড়ালে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ, শ্রমিকদের আয় বাড়ার পর বাড়িভাড়া বেড়ে গেলে তারা আবারও আর্থিক সংকটে পড়বেন।
মীর শাহে আলম আরও বলেন, বাড়ির মালিকেরা শ্রমিকদের কাছ থেকে বাড়িভাড়া পেয়ে আয় করেন। তাই এ ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনকে বাড়ির মালিকদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে আলোচনা করার অনুরোধ জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, শ্রমিকেরা তাদের কাছে দাবি জানিয়েছেন, বেতন যে পরিমাণই বাড়ুক না কেন, বাড়ির মালিকেরা যেন সেই সুযোগে ভাড়া বৃদ্ধি না করেন। এ আহ্বান শুধু সাভারের জন্য নয়। গাজীপুর, আশুলিয়া, ভালুকা, টঙ্গী, নারায়ণগঞ্জ, হেমায়েতপুর, কেরানীগঞ্জ ও কালিয়াকৈরসহ দেশের সব পোশাকশিল্প অধ্যুষিত এলাকার বাড়ির মালিকদের প্রতিও একই অনুরোধ জানিয়েছেন তিনি।
মতবিনিময় সভায় পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানি রয়েছে বলেও অভিযোগ করেন মীর শাহে আলম।
তিনি বলেন, আওয়ামী লীগের বেশির ভাগ নেতাকর্মী দেশের বাইরে অবস্থান করছেন। সেখান থেকে তারা দেশের কিছু মানুষকে উসকানি দিচ্ছেন। তাদের প্ররোচনায় একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। সরকার গুম, হত্যা কিংবা গুলি করে মানুষ হত্যার রাজনীতি করতে চায় না। এ কারণে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে কোনো পক্ষ নাশকতা বা অস্থিতিশীলতা তৈরিতে জড়িত বলে শনাক্ত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না।
পাঠকের মন্তব্য