![]()
ইবি রিপোর্ট
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তারের কারণে প্রতিবছর প্রায় সোয়া লাখ মানুষের মৃত্যু হচ্ছে। এ ছাড়া আক্রান্ত অনেক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে, যার ফলে বাড়ছে চিকিৎসার খরচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যান্টিবায়োটিকের ব্যবহার পর্যবেক্ষণ, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা চালু এবং চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রম আধুনিকায়নসহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনার উদ্দেশ্যে কর্মশালাটির আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে কর্মশালাটি বাস্তবায়ন করছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো সংকট মোকাবিলায় শুধু জ্ঞান বৃদ্ধি কিংবা সচেতনতা তৈরি যথেষ্ট নয়। এ জন্য চিকিৎসক ও রোগী—উভয়ের আচরণে পরিবর্তন আনতে হবে। পাশাপাশি চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বা ‘ওভার দ্য কাউন্টার’ পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করা জরুরি। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি এবং তা কঠোরভাবে কার্যকর করার ওপর জোর দেন তিনি।
ড. এম এ মুহিত জানান, অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার কমাতে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালুর উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন যুক্ত করা হবে। এর ফলে চিকিৎসাসেবা ও ওষুধ ব্যবহারের বিভিন্ন পর্যায় ডিজিটাল নজরদারির আওতায় আনা সম্ভব হবে।
সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকেও দেশব্যাপী একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিনামূল্যে সরবরাহ করা ওষুধের অপচয় কমবে। একই সঙ্গে সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়া সহজ হবে।
চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য এবং আন্তর্জাতিক মানদণ্ড অন্তর্ভুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান তিনি। অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে স্বাস্থ্যশিক্ষার বিভিন্ন পর্যায়ে এ ধরনের পরিবর্তন প্রয়োজন বলে উল্লেখ করেন।
কর্মশালায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন সুমন বলেন, দেশে কোন রোগের চিকিৎসায় কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট প্রটোকল রয়েছে। তবে অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক এবং মেডিসিনের অধ্যাপকেরও এ সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। তাঁর ভাষায়, “দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও আমাদের অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকরাই সে সম্পর্কে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হলে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এই ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।
পাঠকের মন্তব্য